রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সহপাঠি এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রকে আটক করেছে পুলিশ।
শনিবার ওই ছাত্রীর মা অর্থনীতি বিভাগের সভাপতির কাছে লিখিতভাবে অভিযোগ করেন।
তার অভিযোগ, শারীরিক ও মানসিক নির্যাতনের কারণের তার মেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে।
সহপাঠিকে নির্যাতনের প্রতিবাদে বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছে। তাদের দাবির মুখে আসাদুজ্জামান সিজু নামের ওই ছাত্রকে আটক করে পুলিশের দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক মহসিন আলী সাংবাদিকদের বলেন, এর আগে বিষয়টি তারা পারিবারিকভাবে সমঝোতা করায় বিভাগের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
তবে আজকের অভিযোগের বিষয়ে রোববার বিভাগে জরুরি সভা আহ্বান করা হয়েছে।
ছাত্রীর মা অভিযোগ করেন, দেড় বছর আগে দ্বিতীয়বর্ষে থাকার সময় তার মেয়েকে একই বর্ষের ছাত্র সিজু নোটপত্র দেওয়ার নাম করে একদিন বিশ্ববিদ্যালয়ের পাশের বিনোদপুরের শামীম ছাত্রাবাসে নিয়ে যায়।
সেখানে নিয়ে সিজু কুপ্রস্তাব দিলে মেয়ে তাকে গালাগাল করে। এতে সিজু ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে।
পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ওই সময় পুলিশ তাকে আটক করে। পরে মুচলেকা নিয়ে ছাড়া পায় সিজু।
বিষয়টি সে সময় বিভাগীয় সভাপতিকে অবহিত করা হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেন এই অভিভাবক।
ওই ছাত্রীর সহপাঠিরা জানায়, সিজু ছাড়া পেয়ে তাকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিলো।
মানসিক ভারসাম্য হারানোর পর ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের মুন্নুজান হল থেকে তার আবাসিকতাও বাতিল করা হয়। একই কারণে ছাত্রীটি তৃতীয়বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিতে পারেনি।
এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত ছাত্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা শনিবার ক্লাস বর্জন কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিভাগের শিক্ষকরা সিজুকে আটক করে প্রক্টরের কাছে হস্তান্তর করেন।
প্রক্টর অধ্যাপক ড. চৌধুরী মুহাম্মদ জাকারিয়া সাংবাদিকদের বলেন, সিজুকে মতিহার থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
মতিহার থানার ওসি আবুল খায়ের বলেন, সিজুকে জিজ্ঞাসাবাদ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৫ ঘ.
bdnews24