ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছর এইচএসসি পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে চট্টগ্রাম ও যশোরে পাসের হার কমেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর চট্টগ্রাম অফিস জানিয়েছে, শিক্ষা বোর্ডে এইচএসসিতে গতবারের চেয়ে পাসের হার ৩ দশমিক ৬৬ কমেছে। তবে বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।
বোর্ডে এবার পাস করেছে ৭২ দশমিক ৬৫ শতাংশ; গতবার এ হার ছিলো ৭৬ দশমিক ৩১।
এবার জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬১৮ জন; গতবার এ সংখ্যা ছিলো ১ হাজার ৪৫৫।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কার্যালয়ে ২০১০ সালের এইচএসসি পরীক্ষার ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পিযুষ দত্ত।
সেখানে সাংবাদিকদের তিনি জানান, মফস্বলের কলেজগুলো ফলাফল খারাপ করায় সার্বিক ফলাফলে তার প্রভাব পড়েছে।
কলেজগুলো কেন ফলাফল খারাপ করলো তা খতিয়ে দেখা হবে বলেও তিনি জানান।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার ৪৩ হাজার ৩০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৩১ হাজার ২২৪ জন।
ফলাফলে দেখা গেছে, এবার ছাত্রদের চেয়ে ছাত্রীরা ভাল করেছে। মেয়েদের পাসের হার ৭৩ দশমিক ১৬। ছেলেদের পাসের হার ৭২ দশমিক ১৯। উত্তীর্ণ ছাত্রদের সংখ্যা ১৬ হাজার ১৫৭ এবং ছাত্রীদের সংখ্যা ১৫ হাজার ৬৭।
বিজ্ঞান বিভাগে ৭৩ দশমিক ৪১, মানবিকে ৬১ দশমিক ৮৫ এবং ব্যবসায় শিক্ষায় ৭৯ দশমিক ২৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।
চট্টগ্রাম মহানগরীতে পাসের হার ৮২ দশমিক ৮২; মহানগরীর বাইরে এ হার ৬৪ দশমিক ৯৪।
চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এবারও শীর্ষে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ। এ কলেজ থেকে ৩৫১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এছাড়া চট্টগ্রাম সরকারি কলেজ থেকে ৩০৯ জন, সরকারি সিটি কলেজ থেকে ১৬২ জন, সরকারি কমার্স কলেজ থেকে ১৪৫ জন, চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৪৩ জন, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে ৯৮ জন জিপিএ-৫ পেয়েছে।
চট্টগ্রাম বোর্ডে সাতটি কলেজ থেকে এবার শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। কলেজ সাতটি হচ্ছে
bdnews24