২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে ডিসিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি হল ও একটি হোস্টেলের বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 05:37 PM

Updated : 25 Aug 2022, 01:52 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি হল ও একটি হোস্টেলের বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। বুধবার বিকালে টিএসসি মিলনায়তনে 'ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিচ্ছন্ন কার্যক্রম' শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বৃহস্পতিবার থেকে রোকেয়া হল, শামসুন্নাহার হল, জগন্নাথ হল এবং ফয়জুন্নেসা হোস্টেলে এ কার্যক্রম শুরু হবে। এর অংশ হিসাবে হলগুলোতে ১০০টি কনটেইনার স্থাপন করবে সিটি করপোরেশন। প্রতিদিন দুপুর ১টা থেকে ২টার মধ্যে কমপ্যাক্ট ট্রাক এসে এসব বর্জ্য নিয়ে যাবে। আলোচনা অনুষ্ঠানে উপাচার্য বলেন, পরিচ্ছন্ন নগর পেতে সবাইকে নিজের আওতাধীন এলাকা পরিচ্ছন্ন রাখতে হবে। নিজ দায়িত্ব পালন না করে কখনো অধিকার ভোগ করা যায় না। পরিবেশ সচেতন না হলে অচিরেই মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলেও সতর্ক করে দেন তিনি। ঢাকা সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপিন কুমার সাহা বলেন, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) দেনয়া ১০০টি গাড়ি সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করেছে। এ ধরণের নতুন একটি কম্প্যাক্ট ট্রাক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্জ্য ব্যবস্থাপনা করা হবে বলে জানান তিনি। এ বর্জ্য মাতুয়াইল ও আমিনবাজারের ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়া হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকার পরিচ্ছন্নতা বিভাগে কর্মরত জাইকা বিশেষজ্ঞ দলের ভারপ্রাপ্ত উপদেষ্টা আকিও আশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩২৮ ঘ.