ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৪ জুলাইয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসনসহ নতুন সব বিভাগে সান্ধ্যকালীন 'বাণিজ্যিক' কোর্স চালুর সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।
রোববার অপরাজেয় বাংলার পাদদেশে এক সংহতি সমাবেশে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আবু তোয়াব অপু এ দাবি জানান।
এ সময় দাবি না মানলে ১৫ জুলাই কলাভবনে ধর্মঘটের ঘোষণা দিয়েছে বামপন্থী পাঁচ ছাত্রসংগঠনের এ জোট।
সমাবেশে অবিলম্বে বর্ধিত পরিবহন ফি প্রত্যাহারেরও দাবি জানানো হয়।
দাবি আদায়ে জোট ঘোষিত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ১২-১৪ জুলাই ক্যম্পাসজুড়ে প্রচারাভিযান, ১৩ জুলাই কলাভবনের অভ্যন্তরে মিছিল, ১৪ জুলাই ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ।
সংহতি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র ফেডারেশন সভাপতি সৈকত মল্লিক, ছাত্র ফ্রন্ট সভাপতি বিপ্লব মণ্ডলসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২১৬ ঘ.
bdnews24