ইসলামী বিশ্ববিদ্যালয়, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ কমপক্ষে আটজন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. শামসুজ্জামান তুহিনের সমর্থক এবং 'পদবঞ্চিত' মাহবুব, খসরুসহ আরো কয়েকজনের সমর্থকদের মধ্যে এ সংঘাত হয় বলে পুলিশ জানিয়েছে।
ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রশাসন ভবনও ভাংচুর করে। এ সময় তারা ছয় রাউন্ড গুলি ছোড়ে।
সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ।
তাদের আটকের ঘটনায় মধুপুর ও গাড়াগঞ্জে তাদের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ১৮ জন আহত হয়।
কুষ্টিয়া জেলার সুপারিনটেনডেন্ট মো. শাহাবুদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটি নিয়ে কয়েকদিন ধরে দুটি গ্র"পের বিরোধ চলে আসছিলো।
বৃহস্পতিবার সাড়ে ৯টার দিকে সাধারণ সম্পাদক মো. শামসুজ্জামান তুহিনের সমর্থকরা সমাজ বিজ্ঞান অনুষদের পাশে অবস্থান নেয়।
'পদবঞ্চিত' মাহবুব, খসরু ও গাফ্ফার ও শেখ শাহানূর আলম কেরামতের সমর্থকরা অবস্থান নেয় প্রশাসন ভবনের পশ্চিম পাশের আম বাগানে।
এক পর্যায়ে দুপক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। সংঘর্ষ চলাকালে প্রশাসন ভবনেও ভাংচুর করা হয়।
সংঘর্ষে আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর দুপুর ২টার দিকে আবাসিক হলে তল্লাশি শুরু করে পুলিশ। তল্লাশিতে লাঠি ও ইটের বস্তা ছাড়া কোনো অস্ত্র বা বিষ্ফোরক দ্রব্য পাওয়া যায়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট সুবাস চন্দ্র সাহা।
তল্লাশির সময় বঙ্গবন্ধু হল থেকে বিদ্রোহী নেতা ও বর্তমান কমিটির যুগ্ম- সাধারণ সম্পাদক মাহবুব হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক আবুজার গিফারী গাফফার, আনিচুজ্জামান লিটন, জিল্লুর রহমান, মাজহারুল ইসলাম টগর ও একজন সাধারণ ছাত্র মেসবাহুল ইসলামকে আটক করা হয়।
এরপর জিয়া হল থেকে সাধারণ সম্পাদক তুহিন গ্র"পের কর্মী শাহ আলমকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটককৃতদের ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর মো. মাবুবুল আরফিন বলেন, "বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্ব আমরা পুলিশ প্রশাসনের উপর ছেড়ে দিয়েছি।"
সংঘর্ষের পর সভাপতি ও সাধারণ সম্পাদক এক সংবাদ সম্মেলনে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মাহবুব, খসরু ও গফফারের সমর্থকরাও পাল্টা সংবাদ সম্মেলন করেন।
পুলিশ জানায়, নেতাকর্মীদের আটক করার প্রতিবাদে দুপুর সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মধুপুরে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে তাদের সমর্থকরা। এতে মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
অবরোধ তুলতে গেলে ছাত্রলীগের একাংশের নেতাকর্মী ও তাদের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ১০ রাউন্ড কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে।
সংঘর্ষে ইবি থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমানসহ ১০ পুলিশ আহত হয়েছে।
আহত হাবিবুর রহমানকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সংগঠনটির আরেক অংশের নেতাকর্মী ও তাদের সমর্থকরা বিকাল ৪টার দিকে গাড়াগঞ্জ এলাকায় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
এখানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এবং এতে পুলিশ সহ প্রায় আটজন আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৪ ঘ.
bdnews24