ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রত্ব বাতিল হওয়ার পরও শিক্ষাজীবন চালিয়ে যাওয়া এক শিক্ষার্থীর স্নাতক সনদ বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্পন্ন করে মাস্টার্সে ভর্তি হতে গিয়ে ধরা পড়েছেন ওই র্শিক্ষার্থী। লোকপ্রশাসন বিভাগের এই ভুয়া শিক্ষার্থীর নাম দিলরুবা খানম তাপসী।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার স্নাতক (সম্মান) সনদ বাতিল করেছে।
অস্বচ্ছ প্রক্রিয়ায় স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়ার অভিযোগে ২০০৯ সালের মার্চ মাসে তাপসীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো ২০ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করে হাইকোর্ট।
এরপরও তাপসী একই বিভাগে পড়াশোনা চালিয়ে যান এবং যথারীতি পরীক্ষায় অংশ নিয়ে স্নাতক সম্পন্ন করেন। কিন্তু মঙ্গলবার মাস্টার্সে ভর্তি হতে গিয়ে তিনি ধরা পড়ে যান। দেখা যায় যে তার ছাত্রত্বই নেই।
ধরা পড়ার পর উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক তার স্নাতক সনদ বাতিল করেন। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার সন্ধ্যায় ডাকা হয় সিন্ডিকেটের জরুরি সভা।
সভায় উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদকে প্রধান করে ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে সিন্ডিকেট সদস্য অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করবে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার পাশাপাশি অনুরূপ কোনো ঘটনা ঘটেছে কিনা তাও খতিয়ে দেখা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০০২১ ঘ.
bdnews24