২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকে কারিগরি শিক্ষা জানুয়ারি থেকে

আগামী জানুয়ারি থেকে প্রাথমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে প্রতি উপজেলায় অন্তত একটি বিদ্যালয়ে এ শিক্ষার ব্যবস্থা করা হবে। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল ফেরদাউস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2010, 04:18 PM

Updated : 25 Aug 2022, 01:27 PM

জান্নাতুল ফেরদাউস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জানুয়ারি থেকে প্রাথমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে প্রতি উপজেলায় অন্তত একটি বিদ্যালয়ে এ শিক্ষার ব্যবস্থা করা হবে। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এ সিদ্ধান্ত বাস্তবায়নে ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর কাছে দশ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। জানুয়ারিতে এ অর্থ পেলে প্রতিটি উপজেলায় অন্তত একটি বিদ্যালয়ে এ কারিগরি শিক্ষা চালু করা হবে। তবে একসঙ্গে পুরো অর্থের যোগান না পাওয়া গেলে পর্যায়ক্রমে এক বছরে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের এই কারিগরি শিক্ষার আওতায় আনা হবে। শিক্ষার্থীদের জীবনমুখী শিক্ষার ধারণা দেয়ার লক্ষ্যে প্রাথমিক পর্যায় থেকেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শ্রমজীবী শিশু ও তাদের পরিবারের সুবিধা অনুযায়ী বিকাল ও রাতে ক্লাসের ব্যবস্থা থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহিদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশু কল্যাণ ট্রাস্টের অধীনে দেশব্যাপী ৭৩ টি বিদ্যালয়ে এ কারিগরি শিক্ষা চালু আছে। মূলধারার শিক্ষা ব্যবস্থার সঙ্গে জীবনমুখী শিক্ষাকে সমন্বিত করতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে কারিগরি শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি কারিকুলাম প্রণয়নের চিন্তাভাবনাও চলছে বলে তিনি জানান। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দরিদ্র্য পীড়িত, সুযোগ-সুবিধা বঞ্চিত এবং নিজ প্রচেষ্টায় ভাগ্যোন্নয়নে প্রয়াসী শিশু কিশোরদের জাতীয় অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করতে শিক্ষা, স্বাস্থ্য ও পেশাগত দক্ষতা অর্জনের জন্য ১৯৮৯ সালে 'পথকলি ট্রাস্ট' প্রতিষ্ঠা করা হয়। ওই সময় ঢাকা, নারায়নগঞ্জসহ দেশে ৭৩ টি শিশু কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়। ১৯৯১ সালে বিএনপি সরকার শিশু কল্যাণ ট্রাস্টের কার্যক্রম স্থগিত করে দেয়। পরে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার পুনরায় এই ট্রাস্টের কার্যক্রম শুরু করে। এর আওতায় বর্তমানে ৭৩ টি স্কুলে শিশুরা বিনামূল্যে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার সুযোগ পাচ্ছে। ২০০৫ সাল থেকে এসব বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীকে এক হাজার ২৫০ টাকা এবং বছরে প্রতিটি বিদ্যালয়ে আনুষঙ্গিক ব্যয় হিসেবে ৩০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হচ্ছে। এই ট্রাস্টের অধীনে এ পর্যন্ত দেশে ২২ টি বিদ্যালয় নির্মাণ এবং এক কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে জরাজীর্ণ ভবন সংস্কার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২২০০ ঘ.