২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ১৫ জুলাই

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১৫ জুলাই প্রকাশ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2010, 07:34 AM

Updated : 25 Aug 2022, 01:26 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১৫ জুলাই প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। ১৫ জুলাই সকাল সাড়ে ৯টায় শিক্ষামন্ত্রীর নেতৃত্বে শিক্ষা বোর্ডের প্রধানরা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করবেন। এরপর দুপুর ১২ টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তা প্রকাশ করা হবে। এছাড়াও প্রধানমন্ত্রী ইন্টারনেটে ফলাফল পাঠানো দু'টি স্কুলের সঙ্গে প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সে কথা বলবেন। গত ১ এপ্রিল সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। শেষ হয় মে মাসের দ্বিতীয় সপ্তাহে। এ বছর ১০ বোর্ডের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লাখ ৩৬ হাজার ৩৭৩ জন। এর মধ্যে ৪ লাখ ৪৬৪ জন ছাত্র এবং ৩ লাখ ৩৫ হাজার ৯০৯ জন ছাত্রী। শিক্ষামন্ত্রী বলেন, এবার এসএসসি'র মতো এইচএসসিতেও শিক্ষার মানে পিছিয়ে থাকা এলাকা ও অপেক্ষাকৃত কঠিন বিষয়গুলোতে শিক্ষার্থীদের ভালো ফল করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিলো। আশা করি ফলাফলে এর প্রভাব পড়বে। নাহিদ আরো বলেন, রাতারাতি শিক্ষার মান উন্নয়ন কঠিন কাজ। পর্যায়ক্রমে শিক্ষার মান উন্নয়নের চেষ্টা করা হবে বলে তিনি জানান। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার পর ৫৭ দিনের মাথায় ফলাফল প্রকাশ হতে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএম/এইচএ/১৮৩২ ঘ.