ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস বৃহস্পতিবার। 'প্রাচ্যের অক্সফোর্ড' নামে খ্যাত এই বিশ্ববিদ্যালয় এদিন ৯০ বছরে পা রাখলো।
'ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে উচ্চশিক্ষা' স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপনে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এ উপলক্ষে কেন্দ্রীয়ভাবে এবং হলগুলো নিয়েছে পৃথক কর্মসূচি। এদিন বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে সব দাপ্তরিক কার্যক্রম চলবে।
বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৯টায় মল চত্বরে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন। এরপর মলচত্বরেই কাটা হবে কেক।
এরপর শুরু হবে বিশ্ববিদ্যালয় দিবসের শোভাযাত্রা। সব হলের অংশগ্রহণে এ শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে (টিএসসি) শেষ হবে।
সেখানে সোয়া ১০টা থেকে শুরু হবে আলোচনা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান।
এতে 'ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে উচ্চশিক্ষা' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ড. আহমদ শফি।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদসহ সাবেক উপাচার্য ও উপ-উপাচার্য, প্রফেসর ইমেরিটাসবৃন্দ বক্তব্য রাখবেন।
বেলা দেড়টায় বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ আয়োজন করেছে গবেষণা ও আবিস্কার বিষয়ক প্রদর্শনী 'দৃষ্টিপাত'। দুপুর আড়াইটায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে ছাত্র-শিক্ষক বিতর্ক অনুষ্ঠিত হবে।
বেলা ৩টা থেকে বিভিন্ন বিভাগ ও অনুষদে শুরু হবে বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে বিকাল সাড়ে ৪টায় প্রীতি ফুটবল, বিকাল ৫টায় প্রীতি ক্রিকেট এবং বিকেল সাড়ে ৫টায় প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ ছাড়া ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হবে। সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে পাণ্ডুলিপি প্রদর্শন করা হবে।
সব আবাসিক হল সাবেক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
১৯১২ সালের ২ ফেব্রয়ারি তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ সর্বপ্রথম সরকারের পক্ষ থেকে পূর্ব বঙ্গে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব করেন। এরও আগে ৩১ জানুয়ারি নবাব সলিমুল্লাহ, খান বাহাদুর চৌধুরী কাজিমুদ্দিন আহমেদ সিদ্দিকী, নবাব নওয়াব আলী চৌধুরী, এ কে ফজলুল হক প্রমুখ নেতৃবৃন্দ হার্ডিঞ্জের সঙ্গে দেখা করে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান।
এরপর নানা জটিলতা পেরিয়ে ১৯২১ সালের ১ জুলাই ৩টি অনুষদ, ১২টি বিভাগ এবং ৩টি আবাসিক হল নিয়ে বর্তমান ঢাকা মেডিকেল কলেজ ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে।
প্রতিষ্ঠার সময় তিনটি অনুষদ হচ্ছে- কলা, বিজ্ঞান ও আইন। আর বিভাগগুলোর মধ্যে ছিলো সংস্কৃত ও বাংলা, ইংরেজি, শিক্ষা, ইতিহাস, আরবি ও ইসলামি শিক্ষা, ফারসি ও উর্দু, দর্শন, অর্থনীতি ও রাজনীতি, রসায়ন, পদার্থ বিজ্ঞান, গণিত এবং আইন। আবাসিক হলে মধ্যে ছিল- সলিমুল্লাহ মুসলিম হল, ঢাকা হল এবং জগন্নাথ হল।
ইউনিভার্সিটি অব লন্ডনের একাডেমিক রেজিস্ট্রার ড. ফিলিপ জন হার্টগ এ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিযুক্ত হন।
বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ১৩টি অনুষদ, ৬৭টি বিভাগ, ৮টি ইনস্টিটিউট, ৩৯টি গবেষণা ব্যুরো ও কেন্দ্র, ১৭টি আবাসিক হল ও ৩টি হোস্টেল রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এইচএ/০৯৪৪ ঘ.
bdnews24