দিনাজপুর, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার জেরে শিক্ষার্থীরা মঙ্গলবার রাতে বিক্ষোভ ও ভাংচুর করেছে।
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ১৫ ছাত্রকে শাস্তি দেওয়ার জের ধরে বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে।
এর প্রতিবাদে তারা উপাচার্যকে অন্তত সাত ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয় আট ছাত্র। আটক করা হয় ১২ ছাত্রকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতেই ছাত্রদের হল থেকে বের করে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ২১ ছাত্রের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালি থানায় একটি মামলা করেছে।
এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১২ ছাত্রকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন কোতয়ালি থানার ওসি হাসান শামীম ইকবাল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫ জন ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন মেয়াদে বহিস্কার ও জরিমানার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। শিক্ষার্থীরা বুধবার ধর্মঘটের ডাক দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মঙ্গলবার বিকালে সিন্ডিকেট সভা করে বিশ্ববিদ্যালয় আগামী ৮ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করে প্রশাসন। ছাত্রছাত্রীদের বুধবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
এ ঘোষণায় শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। বিকাল ৫টার দিকে তারা একাডেমিক ভবন ঘেরাও করে উপাচার্য ও প্রক্টরসহ কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ করে রাখে।
রাত ৮টায় পুলিশের একটি দল ক্যাম্পাসের বাইরে অবস্থান নেয়। এক পর্যায়ে রাত সোয়া ১১টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে এবং ছাত্রদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। রাত ১২টায় পুলিশের সহায়তায় উপাচার্যসহ শিক্ষকরা অবরোধমুক্ত হন।
এরপর ছাত্ররা মিছিল করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশের লাঠিপেটায় আহত হন সেলিম, শুভ, সুজন, শোভন, দেবদাস, হাবিব, রিয়েল, রহমান।
বিক্ষুব্ধ ছাত্ররা উপাচার্যের বাসভবনসহ শিক্ষকদের আবাসিক ভবনে হামলা চালায় ও ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে রাত ১টায় ছাত্রদের হল থেকে বের করে দেয়।
বিশ্ববিদ্যালয় রেজিষ্ট্রার অধ্যাপক রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ছাত্রদের অযৌক্তিক আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতি এড়াতেই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
কোতয়ালি থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, মঙ্গলবার রাতে পুলিশের উপর হামলা ও ভিসির বাসভবনসহ শিক্ষকদের আবাসিক ভবনে হামলার সময় পুলিশ ১২জন ছাত্রকে আটক করেছে।
আজ (বুধবার) বিকালে প্রক্টর এসএম হারুনর রশিদ ২১ জন ছাত্রকে আসামি করে মামলা করেন।
এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১২ ছাত্রকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে তিনি জানান।
এরা হলেন- শাহরিয়ার হক, রফিকুল ইসলাম, প্রিয়ংকর রায়, তুহিনুর রহমান, শরিফুল ইসলাম, রাকিবুল ইসলাম, ফাহিম মাহফুজ, মাহবুবে জামান, মাহবুবুর রহমান, শিবলু, আরিফুল হক রানা ও রতন সাহা ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৯ ঘ.
bdnews24