ঢাকা বিশ্ববিদ্যালয়, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন অর্থবছরে শিক্ষা সহায়ক খাতে বরাদ্দ কমিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৩০ কোটি নয় লাখ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে বাজেট প্রস্তাব করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মীজানুর রহমান।
বিকেল তিনটায় উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
মঙ্গলবার আগামী অর্থবছরের (২০১০-১১) এই বাজেট অনুমোদন করা হবে।
অধ্যাপক মীজানুর রহমান জানান, প্রস্তাবিত বাজেটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে ২৬ কোটি ৩০ লাখ টাকা। বাকি ২০৩ কোটি ৭৯ লাখ টাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে পাওয়া যাবে।
নতুন বাজেটে বেতনভাতা খাতে ১৪৮ কোটি ৭৪ লাখ টাকা, পেনশন খাতে ৩৫ কোটি টাকা, সাধারণ আনুষঙ্গিক খাতে ২১ কোটি টাকা, শিক্ষা সহায়ক আনষঙ্গিক খাতে ২০ কোটি টাকা, মেরামত সংরক্ষণ ও পূনর্বাসন খাতে ৪ কোটি ৫০ লাখ টাকা এবং সম্পদ সংগ্রহ ও ক্রয় খাতে ১ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ ধরা হয়েছে।
এর মধ্যে শিক্ষা সহায়ক আনুষঙ্গিক খাত ছাড়া বাকিগুলোতে বরাদ্দ বেড়েছে।
শিক্ষা সহায়ক খাতে ২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরের তুলনায় যা ২ কোটি ৮৭ লাখ টাকা কম।
চলতি অর্থবছরের (২০০৯-১০) সংশোধিত বাজেটে শিক্ষা সহায়ক খাতে আট লাখ টাকা বরাদ্দ কমিয়ে ২২ কোটি ৮৭ লাখ টাকা করা হয়।
শিক্ষা সহায়ক খাতের মধ্যে রয়েছে- গ্রন্থাগারের বই কেনা, বিশ্ববিদ্যালয় প্রকাশনা, কেমিক্যাল ও অন্যান্য যন্ত্রপাতি ক্রয়, ছাত্রদের শিক্ষা সফর, সেমিনার ও কনফারেন্স, পরীক্ষা সংক্রান্ত ব্যয়, গবেষণা, শিক্ষক প্রশিক্ষণে সহায়তা, ছাত্রদের পরিবহন সুবিধা, শিক্ষাবৃত্তি, ছাত্রকল্যাণ, শিক্ষা উপকরণ, ইন্টারনেট ও সাইবার সেন্টার প্রভৃতি।
সিনেট অধিবেশনে কোষাধ্যক্ষ চলতি অর্থবছরের ১৯৮ কোটি ২৩ লাখ টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে ১৬৮ কোটি ৪৫ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ২৫ কোটি ৭৫ লাখ টাকা পাওয়া গেছে। ঘাটতির পরিমান ৪ কোটি ৩ লাখ টাকা।
বাজেট অধিবেশনের শুরুতে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৭ ঘ.
bdnews24