২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদল পাল্টাপাল্টি বিক্ষোভ

'সন্ত্রাসের' প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে প্রতিদ্বন্দ্বী দুই ছাত্র সংগঠন ছাত্রলীগ ও ছাত্রদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2010, 10:29 AM

Updated : 25 Aug 2022, 12:38 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'সন্ত্রাসের' প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে প্রতিদ্বন্দ্বী দুই ছাত্র সংগঠন ছাত্রলীগ ও ছাত্রদল। এসময় উভয় সংগঠন পরস্পরের বিরুদ্ধে ক্যাম্পাস অস্থিতিশীল করার 'ষড়যন্ত্রের' অভিযোগ করে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালে শাহবাগ থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে ছাত্রদল। পুলিশ মিছিলকারীদের শাহবাগ থানার সামনে আটকে দেয়। তারা সেখানেই সমাবেশ করে। সমাবেশে ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, "বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ও ছাত্রলীগ গণতান্ত্রিক শাসনে বিশ্বাস করে না। তাই আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করা হবে।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগসহ তিন দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসাবে এ কর্মসূচি পালন করে ছাত্রদল। রমনা জোনের এডিসি নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত থাকায় বহিরাগতদের ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়া হয়েছে।" এ অভিযোগ অস্বীকার করে ছাত্রদল সহ-সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নেতাকর্মীদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশের প্রস্তাব দিলেও পুলিশ ওপরের নির্দেশের কথা বলে তাদের বাঁধা দেয়।" এদিকে সারা দেশের শিক্ষাঙ্গন 'অস্থিতিশীল করতে ছাত্রদলের অপচেষ্টা'র প্রতিবাদে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগ। মিছিল শেষে অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সমাবেশে ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, ছাত্রদল সভাপতি টুকু জঙ্গিবাদের মদদদাতা। জঙ্গি সংগঠনের সহায়তা নিয়ে তিনি ক্যাম্পাস অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন বলেন, জঙ্গিবাদের 'মদদদাতারা' সোমবার মধুর কেন্টিনে আসলে সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিহত করে। তিনি প্রতিরোধকারীদের শুভেচ্ছা জানান। ভবিষ্যতেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্রশিবির ও হিযবুত তাহরীরকে প্রতিহত করা হবে বলে তিনি ঘোষণা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এইচএ/১৬২৪ ঘ.