২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ২৫ জন আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের অন্তত ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 07:49 AM

Updated : 25 Aug 2022, 12:35 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের অন্তত ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছে। সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আব্দুল মতিন , সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক নাসির, যুগ্ম আহ্বায়ক আসাকুজ্জামান আসাদ ও হিরু, সহ ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান সুমন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজিন, সুর্যসেন হলের কর্মী শাহনেওয়াজ, মুজিব হলের আবাসিক ছাত্র নাজমুস সাকিব, জাকারিয়া, সাবিদ হাসান বাবু, মাঈনুল, শাহাদাৎ হোসেন রঞ্জু, শফিকুল ইসলাম শফিক ও সাহাবউদ্দিন শিহাব, আবু আসিফ আল হাসান মিন্টু, বঙ্গবন্ধু হলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া। আহতদের মধ্যে আরও আছেন, নাদিরুল আলম শিশির, স্বপন কুমার মণ্ডল, শওকত হোসেন, মিনহাজ আহাম্মেদ, রফিকুল ইসলাম রয়েল, আবদুল আহাদ। আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। ওবায়দুল হক নাসিরকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথা ফেটে গেছে। ঢামেক হাসপাতালে আহত শাহাদাৎ হোসেন রঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে মধুর ক্যান্টিনে ছাত্রদলের নেতা-কর্মীরা বসে ছিলো। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি ও রড নিয়ে আকশ্মিকভাবে তাদের ওপর হামলা চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মুস্তাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ১৮ জানুয়ারি ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দায়ের করা মামলা প্রত্যাহার করার জন্য ছাত্রদলকে বেশ কিছুদিন ধরেই বলা হচ্ছে। ওই মিথ্যা মামলা প্রত্যাহার না করে নেওয়ায় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে মধুর ক্যান্টিনের ঘটনায়।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম বলেন, "১৮ জানুয়ারির ঘটনায় ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদল একটি মামলা করে। একই ঘটনায় ছাত্রদলের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করে শাহবাগ থানায়।" তিনি বলেন, "মামলা প্রত্যাহার করা নিয়ে সংগঠন দু'টির মধ্যে আলোচনা চলছিলো। ছাত্রদলকে মামলা প্রত্যাহার করে নিতে বলা হলে তারা পুলিশের করা মামলাটি প্রত্যাহার করে নেওয়ার শর্ত দেয়।" প্রক্টর জানান, হামলার ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। গত ১৮ জানুয়ারি সকালে নতুন কমিটিতে জায়গা পাওয়া নিয়ে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের পদপ্রাপ্ত ও পদবঞ্চিত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। এসময় সরকার সমর্থক ছাত্রলীগও সংঘাতে জড়িয়ে পড়ে। ওই সংঘর্ষে ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু ছাত্রলীগের হামলায় আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এছাড়া এ ঘটনায় শাহবাগ থানার ওসি রেজাউল করিমও আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৩৪৩ ঘ.