২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিউশন ফিতে ভ্যাট আরোপের প্রস্তাব প্রত্যাহার দাবি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি'র উপর চার দশমিক পাঁচ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2010, 12:58 PM

Updated : 25 Aug 2022, 12:30 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি'র উপর চার দশমিক পাঁচ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)। সংসদে বাজেট উপস্থাপনকালে আগামী ২০১০-১১ অর্থবছর থেকে এ ভ্যাট আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এপিইউবি'র চেয়ারম্যান ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর ভাইস চেয়ারম্যান সি এম শফি সামী বলেন, "আগামী ২০১০-১১ অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি'র উপর চার দশমিক পাঁচ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। এর ফলে উচ্চ শিক্ষার বিকাশ বাধাগ্রস্ত হবে।" বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সরকারকে ১৫ শতাংশ কর দেয় উল্লেখ করে তিনি বলেন, প্রস্তাবিত এ ভ্যাট কার্যকর হলে শিক্ষার ব্যয় আরো বেড়ে যাবে। ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুই লাখ শিক্ষার্থীর উচ্চ শিক্ষার সুযোগ সংঙ্কুচিত হয়ে পড়বে বলে আশংকা প্রকাশ করেন শফি সামী। তাই জনস্বার্থে ভ্যাট আরোপের প্রস্তাব প্রত্যাহার করে উচ্চ শিক্ষার সুষম সুযোগ দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এপিইউবি'র সদস্য এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী বলেন, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ম নীতি না মেনে দেশের বিভিন্ন স্থানে অনুমোদন ছাড়া ক্যাম্পাস স্থাপন করেছে তাদের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে সরকারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে এপিইউবি'র ভাইস চেয়ারম্যান আবুল কাশেম হায়দার বলেন, সরকারকে 'মিসগাইড' করে এ ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। সরকারের জনপ্রিয়তা নষ্ট করতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি মনে করেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এপিইউবি'র সেক্রেটারি জেনারেল অধ্যাপক এম আলিমউল্যা মিয়ান এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর চেয়ারম্যান এম আবু তাহের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/১৮৫৬ ঘ.