গোপালগঞ্জ, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষের পর গোপালগঞ্জের বঙ্গবন্ধু সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিকালে কলেজ শিক্ষক পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান পরিষদের সম্পাদক মো. কামরুজ্জামান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে।"
এর আগে সংঘর্ষের পর কলেজ সংসদ নির্বাচন স্থগিত করা হয়।
এ নির্বাচনে ছাত্রলীগ প্যানেল ও এই সংগঠনের বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।
সকাল ৮টায় এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যেই এ সংঘর্ষ বাধে।
সংঘর্ষ শহরে ছড়িয়ে পড়ায় চরম উত্তেজনা ও আতঙ্ক সৃষ্টি হয়। প্রবল বর্ষণ ও সংঘর্ষের মধ্যে কলেজ সংলগ্ন সড়কগুলোয় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকাল পৌনে ৩টার দিকে পরিস্থিতি স্বভাবিক হয়ে যান চলাচল শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাস ও আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
নির্বাচন কমিশনার অধ্যাপক পতিত পাবন দেবনাথ সাংবাদিকদের বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের পরামর্শক্রমে নির্বাচন স্থগিত করা হয়েছে।"
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন- জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম বি সাঈফ বি মোল্লা (৩৫), সরজিৎ সাহা (৩৬), জাহিদুল (২০), আল আমিন (২২) , তরিকুল ইসলাম সিকদার (১৮), বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির গোপালগঞ্জ প্রতিনিধি বাদল সাহা ও চ্যানেল আই'র ক্যামেরাম্যান জয়ন্ত সাহা। বাকিদের নাম জানা যায়নি।
এর মধ্যে প্রথম পাঁচজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যুব মহিলা লীগ নেত্রী নাসিমা আক্তার রুবেল ও পৌর কর্মচারী বরুণ কুমার বিশ্বাসের বাড়িসহ কয়েকটি দোকানপাট ও একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ৯টার দিকে ছাত্রলীগ প্যানেল সমর্থকরা কেন্দ্রে ঢুকে বিদ্রোহী আট প্রার্থীকে পিটিয়ে বের করে দেয়। তারপর শুরু হয় ভোট কাটাকাটি।
এ ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে ১০টার দিকে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে কলেজের পেছনের গেট ভেঙ্গে ভেতরে ঢুকে ভাংচুর শুরু করে। এ সময় ছাত্রলীগ প্যানেল সমর্থকরা কলেজের প্রধান গেট দিয়ে ঢুকে বিদ্রোহী সমর্থকদের ধাওয়া দিলে তারা পিছু হটে।
এরপর বিদ্রোহী প্রার্থীদের সমর্থকরা কলেজ সংলগ্ন পোস্ট অফিস মোড়ে এবং ছাত্রলীগ সমর্থক প্যানেলের সমর্থকরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় উপস্থিত ভোটাররা আতঙ্কে দ্রুত ভোটকেন্দ্র ত্যাগ করে।
এদিকে সংবাদিকদের উপর হামলার এবং পেশাগত কাজে বাধা দেওয়ার প্রতিবাদে দুপুরে স্থানীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব সভাপতি শেখ মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে এ সভায় সৈয়দ মিরাজুল ইসলাম, মোজাম্মেল হোসেন মুন্না, এস এম হুমায়ূন কবীর, সৈয়দ মুরাদুল ইসলাম, আসাদুজ্জামান বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।
তারা হামলার নিন্দা করে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
নির্বাচনে হামিদ-রফিক-কল্লোলের নেতৃত্বে ছাত্রলীগ একটি প্যানেল দেয়। কিন্তু সংগঠনের মনোনয়ন না পেয়ে সহ-সভাপতি পদে ইব্রাহিম খলিল, রিফাতুল ইসলাম রিফাত, অসিত বালা পিয়াস, সাধারণ সম্পাদক পদে শরীফ মাহামুদুল হাসান সোহেল, উজ্জ্বল বিশ্বাস, এজিএস পদে জহিরুল ইসলাম লিপ্টন, তন্ময় মোহন্ত তনয় ও ক্রীড়া সম্পাদক পদে শরীফুল সিকদার প্রতিদ্বন্দ্বিতা করে।
ছাত্রদলসহ অন্য কোনো সংগঠন এ নির্বাচনে অংশ নেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/এমএসবি/১৯১৮ ঘ.
bdnews24