২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যমে নিষেধাজ্ঞা: ঢাবির একদল শিক্ষক-শিক্ষার্থীর মানববন্ধন

দৈনিক আমার দেশসহ গণমাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক-শিক্ষার্থী। শনিবার ক্যাম্পাসের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2010, 11:33 AM

Updated : 25 Aug 2022, 12:04 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক আমার দেশসহ গণমাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক-শিক্ষার্থী। শনিবার ক্যাম্পাসের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন হয়। মাবনবন্ধনে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানানো হয়। মানববন্ধন সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক অধ্যাপক ড. আবুল হাসনাত বলেন, শেখ রেহানা ও জয়ের দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করায় আমার দেশ পত্রিকার প্রকাশনা বন্ধ করে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয় প্রতিবেদনগুলো সঠিক ছিল। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, ক্ষমতাসীনদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই পত্রিকা ও টেলিভিশন বন্ধ করে দেয়া উচিত নয়। আমার দেশ পত্রিকা সরকারের বিরুদ্ধে কিছু লিখে থাকলে তারা ১০টি পত্রিকা বের করে এর জবাব দিতে পারতেন। পত্রিকা বন্ধ করে দিয়ে সম্পাদককে গ্রেপ্তার করে নির্যাতন করা কোন সমাধান নয়। আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়ার নির্দেশদাতা ও হুমায়ন আজাদের উপর হামলাকারীরা একই মানসিকতার পরিচয় দিয়েছে বলেও দাবি করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মাহবুবুর রহমানের পরিচালনায় মানববন্ধন সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক সংগঠন সাদা দলের যুগ্ম-আহবায়ক অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক আখতার হোসেন খান। মানববন্ধনের পর আমার দেশ পাঠক মেলার উদ্যোগে একটি শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ কেএমএস/১৭১৩ ঘ.