২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র আন্দোলনের মুখে নোবিপ্রবিতে গ্রীষ্মের ছুটি

ছাত্র আন্দোলনের মুখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) গ্রীষ্মের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2010, 05:56 PM

Updated : 25 Aug 2022, 11:32 AM

নোয়াখালী, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র আন্দোলনের মুখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) গ্রীষ্মের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার বিকালে এক নির্দশে আগামী ১৭ জুন পর্যন্ত ছুটি ঘোষণা দিয়ে ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। ছুটি ঘোষণার পর আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি না মানা পর্যন্ত হল ত্যাগ না করার ঘোষণা দিয়ে একঘণ্টা উপাচার্যের বাসভবন ঘেরাও করে রাখে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েত করা হয়েছে। মাস্টার্স কোর্স চালু ও ফার্মেসি কাউন্সিলের অনুমোদনসহ বিভিন্ন দাবিতে ফার্মেসি ও ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা ১৬ মে থেকে আন্দোলন করে আসছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা সকাল পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে। এতে উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রারসহ অনেক কর্মকর্তা-কর্মচারী ওই ভবনে ঢুকতে পারেননি। এছাড়া ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন অনেকে। পরে উপাচার্যের বাসভবনে অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা জানান, ২০০৬ সাল থেকে এই বিভাগে ৪৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। কিন্তু সাড়ে তিন বছরেও তাদের বিভাগ ফার্মেসী কাউন্সিলের অনুমোদন পায়নি। ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স ও ফার্মেসি উভয় বিভাগের শিক্ষার্থীরা অভিযোগ করেন, মাস্টার্স কোর্স চালুর বিষয়েও কর্তৃপক্ষ কিছুই বলতে পারছে না। এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী বলেন, "না বুঝেই শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। তাই বাধ্য হয়ে আমরা গ্রীষ্মের ছুটি ঘোষণা করেছি।" তিনি জানান, ফার্মেসি কাউন্সিলের অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাসময়ে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে। তিনি আরো বলেন, "স্বাস্থ্য সচিব ইচ্ছা করলে অস্থায়ী অনুমোদন দিতে পারেন। আমরা সে ব্যাপারেও চেষ্টা চালিয়ে যাচ্ছি।" মাষ্টার্স কোর্স চালুর বিষয়ে তিনি বলেন, গত ২৯ মে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট কমিটির মিটিংয়ে অধ্যাদেশ পাশ হয়েছে। কারিকুলাম তৈরির জন্য একটি কমিটি গঠন করে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ৭ জুন মন্ত্রণালয়ের সভায় বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম অনুমোদন পেলে এনিয়ে আর কোনো বাধা থাকবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২৩৪৬ ঘ.