২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ছাত্রদলকর্মীর পা ভেঙ্গে দিয়েছে ছাত্রলীগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের এক কর্মীকে মারধর করে পা ভেঙ্গে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 10:58 AM

Updated : 25 Aug 2022, 11:31 AM

জাবি, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের এক কর্মীকে মারধর করে পা ভেঙ্গে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা। মঙ্গলবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ ভবনের নিচ তলার বারান্দায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। আহত ছাত্রদলকর্মী শেখ আব্দুল্লাহ ইসতিয়াক অর্থনীতি বিভাগের ৩৪তম ব্যাচ ছাত্র। তিনি মাওলানা ভাসানী হলে থাকেন। তার বাম পা ভেঙ্গে গেছে। ইসতিয়াককে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্নাতোকোত্তর পর্যায়ের একটি টিউটরিয়াল পরীক্ষায় অংশ নিতে ইসতিয়াক নিজ বিভাগে আসেন। পরীক্ষা শেষে বের হওয়ার সময় সমাজ বিজ্ঞান অনুষদ ভবনের নিচের বারান্দায় আ ফ ম কামাল উদ্দিন হলের ছাত্রলীগ কর্মী জাকারিয়ার (৩৫তম ব্যাচ, গণিত) নেতৃত্বে ৮-১০ জনের একদলটি তার ওপর হামলা চালায়। তারা লোহার রড, লাঠি ও লোহার পাইপ দিয়ে ইসতিয়াককে বেধড়ক মারধর করে। ইসতিয়াক সাংবাদিকদের বলেন, "হামলাকারীরা আ ফ ম কামাল উদ্দিন হলের ছাত্রলীগ কর্মী। তবে তারা জুনিয়র হওয়ায় আমি তাদের কাউকে চিনতে পারিনি।" জাকারিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি এ সম্পর্কে কিছুই জানি না।" ছাত্রলীগ জাবি শাখার সাধারণ সম্পাদক নির্ঝর আলম সাম্য বলেন, "ছাত্রলীগের কোনো নেতা বা কর্মী এ ঘটনায় জড়িত থাকলে অবশ্যই তাকে শাস্তি দেওয়া হবে।" বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরজু মিয়া বলেন, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশ্যই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিন কার্যক্রম স্থগিত থাকার পর গত ১৯ মে ছাত্রলীগ জাবি শাখার কমিটি গঠন করা হয়। এরপর এই প্রথম কোনো ছাত্রদল কর্মীকে মারধরের ঘটনা ঘটলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫২ ঘ.