২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় উত্তীর্ণ ৮১ ভাগ

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার বেড়েছে। বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। ফলাফলে ছেলেরা এগিয়ে রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2010, 01:31 PM

Updated : 25 Aug 2022, 10:30 AM

কুমিল্লা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার বেড়েছে। বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। ফলাফলে ছেলেরা এগিয়ে রয়েছে। শনিবার বেলা ১টায় কুমিল্লা বোর্ড কার্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ পরীক্ষার ফল ঘোষণা করেন। এ শিক্ষা বোর্ডে এবার ১ লাখ ২ হাজার ৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৮২ হাজার ৬৯৪ জন। পাসের হার ৮১ দশমিক ০৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৮৬৩ জন। কুমিল্লায় ২০০৯ সালে পাসের হার ছিলো ৭২ দশমিক ৭৭ শতাংশ। ২০০৮ সালে ছিলো ৭৩ শতাংশ এবং ২০০৭ সালে ছিলো ৪৬ দশমিক ৮৩ শতাংশ। বিজ্ঞান বিভাগে ১৯ হাজার ২৯২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭ হাজার ৪১৫ জন। মানবিক বিভাগে ২০ হাজার ১৮১ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩ হাজার ৮৭১ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৬২ হাজার ৫৭৭ জনের মধ্যে ৫১ হাজার ৪০৮ জন পাস করেছে। এ বছর শতভাগ পরীক্ষার্থী পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। এ বোর্ডের অধীনে ছয় জেলার ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে। ২০০৯ সালে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ৪৫টি, ২০০৮ সালে ৭২টি, ২০০৭ সালে ৬টি ও ২০০৬ সালে ৩২টি। এ বোর্ডে ছেলেদের মধ্যে পাসের হার ৮৪ দশমিক ৬৯ শতাংশ এবং মেয়েদের মধ্যে ৭৭ দশমিক ৫৬ শতাংশ। এ বছর কুমিল্লা বোর্ডে ৪৯ হাজার ৭৪৬ জন ছাত্র পরীক্ষা দেয় এবং ৪২ হাজার ১২৯ জন পাস করে। ৫২ হাজার ৩০৮ জন ছাত্রী পরীক্ষা দেয় এবং ৪০ হাজার ৫৬৫ জন পাস করেছে। সেরা ১০ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য পয়েন্টের ভিত্তিতে শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করেছে বোর্ড কর্তৃপক্ষ। তাতে ৯০ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এ প্রতিষ্ঠানের ৪৯ শিক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে কুমিল্লা ক্যাডেট কলেজ। কুমিল্লা জিলা স্কুল তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে রয়েছে নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়। কুমিল্লার ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রয়েছে পঞ্চম স্থানে। কুমিল্লার আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাই স্কুল রয়েছে ষষ্ঠ স্থানে। সপ্তম স্থানে রয়েছে কুমিল্লা মডার্ন হাই স্কুল। অষ্টম স্থানে রয়েছে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। চাঁদপুরের আলামিন একাডেমি রয়েছে নবম স্থানে। দশম স্থানে রয়েছে নোয়াখালী জিলা স্কুল। তাদের পয়েন্ট ৭৬.১৩। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৯২০ ঘ.