২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২,৯২৭ প্রতিষ্ঠানের সবাই পাস

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশের ২,৯২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2010, 11:01 AM

Updated : 25 Aug 2022, 10:31 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশের ২,৯২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ২০১০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে শনিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানিয়ে বলেন, গতবার শতভাগ পরীক্ষার্থী পাস করেছিলো ২,৭২৬টি প্রতিষ্ঠান থেকে। এবার এ সংখ্যা বেড়েছে দুই শতাধিক। শিক্ষামন্ত্রী ২০০৫ সাল থেকে শতভাগ পাস করেছে এমন প্রতিষ্ঠানের পরিসংখ্যান তুলে ধরে বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার গুণগত মান বৃদ্ধি পাওয়ায় ক্রমান্বয়ে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।" তিনি জানান, ২০০৫ সাল থেকে এ পর্যন্ত শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ২,৩৯০টি। ২০০৫ সালে শতভাগ পাস করেছিলো ৫৩৭টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা। ২০০৬ সালে তা বেড়ে দাঁড়ায় ১,৪২৯টিতে। তবে ২০০৭ সালে এ সংখ্যা কমে দাঁড়ায় ৭৭৪টিতে। এবার দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মোট ৫৬১টি প্রতিষ্ঠান থেকে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ঢাকা বোর্ডের ১৫০টি, রাজশাহী বোর্ডের ১৪১টি, কুমিল্লা বোর্ডের ৮৫টি, দিনাজপুর বোর্ডের ৪৬টি, সিলেট বোর্ডের ৪৩টি, যশোর বোর্ডের ৩৩টি, বরিশাল বোর্ডের ৩২টি এবং চট্টগ্রাম বোর্ডের ৩১টি প্রতিষ্ঠান রয়েছে। সবচেয়ে বেশি শতভাগ পাস করা প্রতিষ্ঠান রয়েছে মাদ্রাসা বোর্ডে। এ বোর্ডের ২,৩০৮টি মাদ্রাসার সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। কারিগরি বোর্ডে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে ৫৮টি প্রতিষ্ঠান থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএম/কিউএইচ/এজে/১৬৫৭ ঘ.