২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা আরো কমেছে

এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি, এ সংখ্যা ধারাবাহিকভাবে কমছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2010, 10:45 AM

Updated : 25 Aug 2022, 10:31 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি, এ সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। কোনো শিক্ষার্থী পাস করেননি, এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা গত বছর ছিলো ৭২টি, ২০০৮ সালে ছিলো ৯১টি। শনিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উন্নতি লক্ষ করা যাচ্ছে। "আমরা চাই শিক্ষার মান বাড়িয়ে সব প্রতিষ্ঠানেই শতভাগ পাস করাতে", বলেন তিনি। কেউই উত্তীর্ণ হয়নি এমন ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১টিই মাদ্রাসা। এছাড়া কারিগরি বোর্ডের আটটি প্রতিষ্ঠান এবং সাধারণ বিদ্যালয় ১০টি। সাধারণ আটটি বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে একটি, সিলেটে একটি, যশোরে দুটি, বরিশালে চারটি ও দিনাজপুরের দুটি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি। রাজশাহী, কুমিল্লা ও চট্টগ্রামে এ ধরনের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। কেউই উত্তীর্ণ হয়নি এমন শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে নাহিদ বলেন, "সে সব প্রতিষ্ঠানের বিষয়ে কী করা যায়, তা আমরা দেখবো।" বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে শিক্ষার মান বৃদ্ধি পাওয়ায় শূন্য ভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমছে বলে দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএম/আরএ/এমআই/১৬৪০ ঘ.