২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জবি ছাত্রলীগে সংঘাত

আধিপত্য বিস্তার নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষে সোমবার সংঘাত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2010, 06:01 AM

Updated : 24 Aug 2022, 09:21 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষে সোমবার সংঘাত হয়েছে। এতে একজন মহিলা শিক্ষক ও ছয়জন ছাত্রীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের দাবিতে সকাল ১০টার দিকে বিজ্ঞান ভবন থেকে মিছিল বের করার সময় মিছিলের নেতৃত্ব দেওয়া নিয়ে সংঘাতের সূত্রপাত। সেখানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি কামরুল আহসান রিপনের সমর্থক জালালের নেতৃত্বে সাধারণ সম্পাদক গাজী আবু সাইদ সমর্থক মিলনকে মারধর করা হয়। পরে মিলনসহ চার-পাঁচজন ভবনের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে আশ্রয় নেন। সেখানেও সভাপতির সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এ সময় হামলার মাঝে পড়ে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক সৈয়দা নাজিয়া ইশরাত এবং ছাত্রী সায়লা আক্তার, তনুশ্রী দে, সুরাইয়া আক্তার, জাকিয়া, রিনা আক্তার ও তন্বী আহত হন। এসব খবরে সাধারণ সম্পদক সমর্থকরা জড়ো হয়ে বেলা ১১টার দিকে বিজ্ঞান বিভাগে সভাপতি সমর্থকদের ওপর পাল্টা হামলা চালায়। তখন দুপক্ষের মধ্যে লাঠি ও ইট নিয়ে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। দুপুরে পৌনে ১২টা পর্যন্ত তাদের মধ্যে থেকে থেমে হামলা পাল্টা-হামলার ঘটনা ঘটে। তখন ইটের আঘাতে দুপক্ষের ১৩ জন আহত হয়। পুলিশ ১২টার দিকে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পরিসংখ্যান বিভাগের মামুন হোসেন ও গণিতের বাবুলকে আটক করে পুলিশ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অশোক কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা বিচ্ছিন্ন ঘটনা। তদন্ত কমিটি হবে। কেউ দোষী হলে একাডেমিক ব্যবস্থা নেওয়া হবে।" সংঘাত চলাকালে সভাপতি ও সাধারণ সম্পাদককে ক্যাম্পাসে দেখা যায়নি। সংঘাত শেষে সাধারণ সম্পাদক আবু সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উদ্দেশ্যপ্রণোদিত এ সংঘাতে ছাত্রলীগের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৫১৩ ঘ.