সুলাইমান নিলয়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বহুতল ভবন নির্মাণ করে আবাসন সঙ্কট নিরসনের দাবিতে আন্দোলনে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা।
তারা বলছে, কর্মচারীদের আবাসন সঙ্কট নিরসনে একটি বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত চার বছর ধরে ঝুলে আছে।
বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বলেছেন, সিদ্ধান্ত বাস্তবায়নে কর্তৃপক্ষকে ১৭ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
"এর মধ্যে কিছু না হলে আন্দোলনে যাবো আমরা", বলেন তিনি।
কর্মচারীদের ক্ষোভের বিষয়টি স্বীকার করে এ ক্ষেত্রে ত্বরিত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য আআসম আরেফিন সিদ্দিক।
বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় হাজার কর্মচারীর জন্য বাসা আছে ৩২০টি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে ২০০৫ সালের ২৮ ডিসেম্বর স্থান নির্বাচন কমিটি নীলক্ষেতে কর্মচারী সমিতির ক্লাব ঘরের জায়গায় ভবন নির্মাণের অনুমোদন দেয়।
সিন্ডিকেটে সিদ্ধান্ত হওয়ার পর গত ২৪ এপ্রিল অর্থ সংক্রান্ত কমিটি তা আবার পুনর্বিবেচনার জন্য স্থান নির্বাচন কমিটিতে পাঠায়। অর্থ কমিটির সিদ্ধান্তের পর কর্মচারীরা গত ২ মে উপাচার্যের সঙ্গে দেখা করে এ জটিলতার অবসানের দাবি জানায়।
বর্তমানে উত্তর নীলক্ষেত, দক্ষিণ নীলক্ষেত ও আজিমপুরের কর্মচারীদের কোয়ার্টারে ৩২০টি বাসা রয়েছে।
একাধিক কর্মচারী জানান, কর্মচারী থেকে পদোন্নতি পেয়ে কর্মচারী হওয়ার পরও প্রায় দেড় শতাধিক কর্মকর্তা কোয়ার্টার ছাড়েননি। এ কারণে কর্মচারীদের আবাসন আরো সঙ্কুচিত হয়ে গেছে।
কর্মচারী সমিতির নেতা সানোয়ার বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে কর্মচারীদের ১০-১৫ শতাংশ আবাসন সুবিধা পাচ্ছে।
"এ অবস্থায় কোনো কারণ ছাড়াই নতুন ভবন নির্মাণের প্রকল্পটি ঝুলিয়ে রাখা হয়েছে", অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ প্রকল্পটি সরকারি বা অন্য কোনো সুনির্দিষ্ট বরাদ্দের বিপরীতে তৈরি হয়নি। প্রকল্প গ্রহণের সময় বলা হয়েছিলো, ভবনের একটি অংশে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। পরে সে টাকা দিয়ে বাকি কাজ সম্পন্ন হবে।
প্রকল্পটি ঝুলিয়ে রাখা হয়নি দাবি করে তিনি বলেন, "ফিন্যান্স (অর্থ) কমিটি মনে করেছে, বর্তমান প্রস্তাবিত জায়গায় মার্কেট বা কমিউনিটি সেন্টার করার সুযোগ নেই। তাই এটাকে আরো উপযোগী কোনো জায়গায় স্থানান্তর করতে হবে। এ কারণেই প্রকল্পটি পুনরায় স্থান নির্বাচনী কমিটিতে পাঠানো হয়েছে।"
কর্মচারী নেতাদের সঙ্গে আলোচনার কথা জানিয়ে উপাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাদের (কর্মচারী) বেশ ক্ষুব্ধ মনে হয়েছে। আমি খোঁজ-খবর নিচ্ছি। শিগগিরই এ বিষয়টি সুরাহা করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১০ ঘ.
bdnews24