২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জবিতে বর্ধিত সেমিস্টার ফি প্রত্যাহারের ঘোষণা

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বর্ধিত সেমিস্টার ফি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2010, 10:37 AM

Updated : 24 Aug 2022, 09:10 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বর্ধিত সেমিস্টার ফি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ২ মে বেতন, পরিবহন ও সেমিনার ফিসহ সব মিলে সেমিস্টার ফি প্রায় সাড়ে চারশ' টাকা বৃদ্ধি করে। এর প্রতিবাদে এবং আগের বেতন ও ফি বহাল রাখার দাবিতে বুধবার সকাল ৯টায় ক্লাস ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসের শহীদ মিনারের পাদদেশে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগের কয়েক হাজার শিক্ষার্থী। তারা বিভিন্ন ধরনের ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রায় ঘণ্টা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা হুমকি দেয়- দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে। প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদুজ্জামান শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। তখন তার ওপর ক্ষিপ্ত হয়ে ঢিল নিক্ষেপ করে কয়েকজন শিক্ষার্থী। এক পর্যায়ে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। দুপুর ১২টার দিকে উপাচার্য মেজবাহ উদ্দিন শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বর্ধিত যে সেমিস্টার ফি নির্ধারণ করা হয়েছিলো তা সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেওয়া হবে। বিক্ষোভকারীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের ২৭/৪ ধারায় সংশোধনী আনারও দাবি জানায়। এ ধারায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ব্যয় মেটানোর কথা আছে। বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের ব্যাপারে সম্মতি জানিয়ে উপাচার্য বলেন, আশা করছি, সামনের সংসদ অধিবেশনেই তা উত্থাপিত হয়ে সংশোধন করা হবে। বর্ধিত ফি প্রত্যাহার করে নেওয়ায় ঘোষণার পর ক্যাম্পাসের বিভিন্ন চত্বরে আনন্দ মিছিল করে শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। উপাচার্য মেজবাহ সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্ররা লিখিত আবেদন জানালে আগের বেতন ও ফি বহাল রাখার বিষয় বিবেচনা করা হবে। তিনি জানান, বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৪৩১ ঘ.