ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষাবিজ্ঞানকে বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করাসহ দুই দাবিতে প্রতীকী অবস্থান ধর্মঘট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগের শিক্ষার্থীরা।
সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এই ধর্মঘট করে তারা।
শিক্ষার্থীরা বিভাগটিকে সামাজিক বিজ্ঞান অনুষদে অন্তর্ভুক্ত করারও দাবি জানান।
এসব দাবিতে তারা গত মাসে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বলে ধর্মঘটের সময় জানানো হয়।
শিক্ষার্থীরা জানান, উপাচার্য তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।
১৯৯২ সালে ভাষাবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয়।
তারপর প্রতিষ্ঠিত বিশ্ব ধর্মতত্ত্ব, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ এবং শান্তি ও সংঘর্ষ বিভাগ বিসিএসের বিষয় হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।
তারা জানান, ভাষাবিজ্ঞান বিভাগের পাঠক্রম সামাজিক বিজ্ঞান অনুষদের বিভাগগুলোর আদলে হওয়া সত্ত্বেও বিভাগটিকে কলা অনুষদে অন্তর্ভুক্ত করে রাখা হয়েছে।
শিক্ষার্থীরা দাবি করেন, কলা অনুষদের অন্তর্ভুক্ত হওয়ায় জাতিসংঘ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাসহ বেসরকারি চাকরির ক্ষেত্রে এ বিভাগের শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হয় না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/পিডি/২১০৩ ঘ.
bdnews24