পাবনা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র-পুলিশ সংঘর্ষ এবং ছাত্রদের বিরুদ্ধে মামলার পর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক মাসের জন্য বন্ধ হয়ে গেছে।
কর্তৃপক্ষ বলছে, এটা গ্রীষ্মের নির্ধারিত ছুটি, সংঘর্ষের সঙ্গে এর কোনো যোগসূত্র নেই। আগামী ২৯ মে বিশ্ববিদ্যালয় খুলবে।
সেশন ফিসহ অন্যান্য ফি কমানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত রোববার থেকে আন্দোলন করছে। সেদিন ও পরদিন ছাত্র-পুলিশ সংঘর্ষ বাঁধে। পুলিশ ১৯ ছাত্রকে গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে মামলা দেয়।
আন্দোলনকারী ছাত্ররা সোমবার ক্লাশ বর্জন করে ক্যাম্পাসে মিছিল করে এবং সাধারণ ছাত্রদের ক্লাশ করতে বাধা দেয়। দুপুর ১ টার দিকে কিছু ছাত্র তিন তলায় উঠে ক্লাশ রুমে ভাঙচুর চালায়।
পুলিশ এসে লাঠিচার্জ করলে ছাত্ররা পুলিশের সঙ্গে ধাক্কা-ধাক্কি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ ঘটনায় পাবনা সদর থানার ওসি মতিউর রহমানসহ ৩০ জন আহত হয়। আহত ৮ ছাত্রকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রদের অভিযোগ, মাত্র ছয় মাসের সেশন ফি হিসেবে সাড়ে চার হাজার টাকা, গ্রন্থাগার ও ছাত্র সংসদ না থাকলেও ফি নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/জেবি/এমএসবি/১৭২৩ ঘ.
bdnews24