চট্টগ্রাম, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগের ধর্মঘটে অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার মহড়া দিয়েছে ছাত্রশিবির।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ও রেলস্টেশন, শিক্ষকবাস এবং ক্যাম্পাসে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও শিক্ষার্থীরা ক্যাম্পাসমুখি হয়নি।
ছাত্রলীগের ধর্মঘটে ষষ্ঠ দিনের মতো অচল রয়েছে বিশ্ববিদ্যালয়টি।
শিক্ষার্থীশূন্য অচল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুপর ১২টার দিকে বিভিন্ন সড়কে মটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মহড়ায় বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাধারণ সম্পাদক নেছার আহম্মেদ নিয়াজী, সাংগঠনিক সম্পাদক মোস্তফা শাকেরউল্লাহও ছিলেন।
বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি শামসুদ্দিন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের দুইজন কর্মীকে মেরে ফেলা হয়েছে। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কথা ভেবে আমরা কোন কর্মসূচি দিইনি। চাইলে ক্যাম্পাস অচল করে দিতে পারতাম।"
ক্যাম্পাসে মহড়া বিষয়ে তিনি বলেন, "আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাই এই ক্যাম্পাসে ঘুরে বেড়ানো অন্যায় কিছু নয়।"
এদিকে ধর্মঘট নিয়ে ছাত্রলীগ নিজেই দ্বিধাবিভক্ত বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সহকারী প্রক্টর চন্দন কুমার পোদ্দার। তিনি বলেন, "যৌক্তিক দাবি নিয়ে নিয়মতান্ত্রিকভাবে কেউ আলোচনা করতে চাইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনায় বসবে।"
ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসাদুজ্জামান হত্যাকারীদের গ্রেপ্তার ও উপাচার্যের পদত্যাগের দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে।
শিক্ষার্থীদের অনুপস্থিতিতে বৃহস্পতিবার কোন ক্লাস হয়নি। অধিকাংশ বিভাগেই স্থগিত হয়ে গেছে পরীক্ষা। শিক্ষকদের উপস্থিতিও ছিলো খুব কম।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর বলেন, "বৃহস্পতিবার কোন ট্রেন ক্যাম্পাসে আসেনি।
"শাটল ট্রেন না এলে শিক্ষার্থীরাও আসে না। আর শিক্ষার্থী না থাকলে ক্লাস ও পরীক্ষা নেওয়া সম্ভব না।"
বুধবার বিশ্ববিদ্যালয়গামী একটি শাটল ট্রেন থামিয়ে এর চালক ও গার্ডকে আটকে রাখার পর বৃহস্পতিবার ট্রেন চলাচল একেবারেই বন্ধ থাকে।
চলাচল করেনি বিশ্ববিদ্যালয়গামী বেসরকারি পরিবহনের কোন গাড়ি। বিশ্ববিদ্যালয়ের কয়েকটি শিক্ষকবাস পুলিশ পাহারায় চললেও তাতে শিক্ষকদের উপস্থিতি ছিল হাতে গোনা।
শিক্ষার্থীর অভাবে বৃহস্পতিবার লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষ, রাজনীতি বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষ ও সমাজতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষসহ অধিকাংশ বিভাগের চুড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি//পিডি/১৯৫৭ ঘ.
bdnews24