ঢাকা, ১৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান ও ফি নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সিটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির ভাষণে এ কথা বলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য জিল্লুর রহমান।
"কোন কোন বিশ্ববিদ্যালয় মানসম্মত শিক্ষা দিতে সক্ষম," বলেন রাষ্ট্রপতি।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানের বার্ষিক মূল্যায়নে শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, ন্যায়নিষ্ঠা, দেশপ্রেম ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি গবেষণার মাধ্যমে জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করাই উচ্চশিক্ষার অন্যতম লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন আচার্য।
বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রপতি সম্মেলন কেন্দ্রে পৌঁছান। এরপরই জাতীয় সংগীত বাজিয়ে সমাবর্তন অনুষ্ঠান শুরু করা হয়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমাবর্তনের প্রধান বক্তা আআমস আরেফিন সিদ্দিক, সিটি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরস'র চেয়ারম্যান আলহাজ মকবুল হোসেন এবং বিশ্ববিদ্যালয়টির উপাচার্য এনআরএম বোরহানউদ্দিন অনুষ্ঠানে বক্তব্য দেন।
তিনি বলেন, নদীভাঙন, প্রাকৃতিক দুর্যোগ, অবকাঠামো নির্মাণ, বসত বাড়ি ও শিল্পায়নের কারণে শহরে জনসংখ্যার ঘনত্ব বাড়ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, "শহরে বাড়তি কাঠামো না থাকায় মানুষ মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছে। সৃষ্টি হচ্ছে নানা সামাজিক সমস্যা।
"এটি কোন কল্যাণকামী দেশের জন্য সুখকর নয়। এজন্য আমাদের দৃষ্টি দিতে হবে গ্রামে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এলএইচ/পিডি/১৭৪৮ ঘ.
bdnews24