২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষার ফল দিতে দেরি, ঢাবিতে আবার ভাংচুর

পরীক্ষার ফল প্রকাশে দেরি হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার ভাংচুর করেছে আইন বিভাগের একদল শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2010, 01:57 PM

Updated : 24 Aug 2022, 08:22 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরীক্ষার ফল প্রকাশে দেরি হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার ভাংচুর করেছে আইন বিভাগের একদল শিক্ষার্থী। নির্ধারিত সময়ের ছয় মাস পরও পরীক্ষার ফল প্রকাশ না হওয়ায় ওই বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের দুশরও বেশি শিক্ষার্থী রোববার বিভাগে ভাঙচুর চালায়। এ ঘটনার পর আগামী ২০ এপ্রিলের মধ্যে ফল প্রকাশ হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন বিভাগের চেয়ারম্যান সুমাইয়া খায়ের। ফলের দাবিতে দর্শন বিভাগের সেমিনার লাইব্রেরি ভাঙচুরের এক দিন পর এ ঘটনা ঘটলো। 'আইন অমান্যকারী আইন বিভাগ চাই না' লেখা বেশকিছু প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা রোববার সকাল সাড়ে ১১টায় বিভাগে মানববন্ধন করে। এরপর তারা বিভাগের চেয়ারম্যান ও আইন অনুষদের ডিনের কার্যালয়ের সামনে প্রায় ২০-২৫টি ফুলের টব ও বেশ কিছু আসবাবপত্র ভেঙে ফেলে। ২০০৪-০৫, ২০০৫-০৬ ও ২০০৬-০৭ শিক্ষাবর্ষের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। শিক্ষার্থীদের অভিযোগ, দ্বিতীয় বর্ষের পরীক্ষার পর নয় মাস, তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষার পর আট মাস পার হলেও ফল এখনও প্রকাশ হয়নি। তারা জানান, কিছুদিন পরই তাদের পরবর্তী বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অথচ আগের ফলই এখনো প্রকাশ হয়নি। এ বিষয়ে প্রশাসনের সঙ্গে কয়েকদফা আলোচনা করেও কোনো লাভ হয়নি বলে জানান তারা। চেয়ারম্যান সুমাইয়া খায়ের ঘটনার সত্যতা স্বীকার করেন। "খাতা জমা দিতে দেরি হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে," জানিয়ে তিনি বলেন, "সোমবার একাডেমিক কমিটির জরুরি সভা ডাকা হয়েছে।" আইন বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সম্মান চূড়ান্ত পরীক্ষা এবং ২০০৫-০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা গত আগস্ট মাসে শেষ হয়। ২০০৬-০৭ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ হয় গত জুলাই মাসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/পিডি/১৯৫৪ ঘ.