২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে সময়মতো ফল না পেয়ে শিক্ষার্থীদের ভাঙচুর

নির্ধারিত সময়ের পর মাস পেরিয়ে গেলেও পরীক্ষার ফল দিতে না পারায় বিভাগীয় কক্ষ ভাঙচুর করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের একদল শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2010, 02:18 PM

Updated : 24 Aug 2022, 08:20 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ের পর মাস পেরিয়ে গেলেও পরীক্ষার ফল দিতে না পারায় বিভাগীয় কক্ষ ভাঙচুর করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের একদল শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মাস্টার্সের একদল শিক্ষার্থী বিভাগের কয়েকজন শিক্ষকের কাছে ফলাফল প্রকাশের দাবি জানায়। শিক্ষকদের ইতিবাচক সাড়া না পেয়ে তারা সেমিনার লাইব্রেরির কয়েকটি জানালা ভাঙচুর করে। তারা বলছে, গত নভেম্বর মাসে তাদের সম্মান চূড়ান্ত বর্ষের পরীক্ষা শেষ হয়। জানুয়ারি মাসে শুরু হয় মাস্টার্সের ক্লাস। নিয়মানুযায়ী তিনমাসের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও তা হয়নি। অনিশ্চয়তার মধ্যে অনেকে মাস্টার্সের ক্লাস করছে। কিন্তু চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে পারছে না। এ বিষয়ে যোগাযোগ করা হলে বিভাগীয় চেয়ারপারসন অধ্যাপক হোসনে আরা আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গুটিকয়েক উগ্র শিক্ষার্থী বিসিএসের জন্য উতলা হয়ে এ কাণ্ড ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে একাডেমিক কমিটিতে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।" ২-১ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিন মাস সময় থাকলেও প্রক্রিয়াগত কারণে এটা সম্ভব হয় না। মান উন্নয়ন পরীক্ষার ফল সমন্বয়সহ নানা কারণে দেরি হয়ে গেছে। অন্যান্য বিভাগে আরো দেরি হয়। তারা বরং দ্রুতই ফল দিচ্ছেন বলেও দাবি করেন তিনি। নির্ধারিত সময়ের ১৫ দিন আগে নিজের খাতা জমা দিয়েছেন বলে দাবি করেন হোসনে আরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএনএ/২০১৩ ঘ.