২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ

এক সাংবাদিককে বিশ্ববিদ্যালয় এলাকায় আটকে রাখার পরিণতিতে ছাত্র-পুলিশ সংঘর্ষের পর খুলনা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2010, 05:37 AM

Updated : 24 Aug 2022, 08:14 PM

খুলনা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সাংবাদিককে বিশ্ববিদ্যালয় এলাকায় আটকে রাখার পরিণতিতে ছাত্র-পুলিশ সংঘর্ষের পর খুলনা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে নির্ধারিত সময়ে হল ত্যাগ করেছে। সোমবার বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার পর সব আবাসিক শিক্ষার্থীকে মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার মধ্যে হল ত্যাগ করতে বলে কর্তৃপক্ষ। সোমবার রাত দেড়টায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভা ডেকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা এস এম আতিয়ার রহমান। আতিয়ার রহমান জানান, বাংলা দৈনিক প্রথম আলোর পাঠকদের সংগঠন 'বন্ধুসভা' সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে এইডস প্রতিরোধ বিষয়ক একটি আলোচনা সভা করে। সভার ছবি তুলে ফেরার সময় প্রায় দেড়শ ছাত্র পত্রিকাটির খুলনা কার্যালয়ের আলোকচিত্রী শাহনেওয়াজকে আটক করে একাডেমিক ভবনে অবরুদ্ধ করে রাখে। বিশ্ববিদ্যালয় এলাকার পাশের বাজারে শাহনেওয়াজের মোবাইল টেলিফোনে অর্থ লেনদেনের একটি দোকান রয়েছে। ছাত্রদের অভিযোগ, গত ২৫ মার্চ স্থাপত্য বিভাগের একজন ছাত্রের মোবাইল ফোনে ৫০ টাকা 'ফ্লেক্সিলোড' না করা নিয়ে শাহনেওয়াজের সঙ্গে ছাত্রদের কথা কাটাকাটি হয়। তাদের দাবি, প্রথম আলোর আলোকচিত্রী তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তবে শাহনেওয়াজ অভিযোগ অস্বীকার করেছেন। ২৫ মার্চের ঘটনার জের ধরে সোমবার ছাত্ররা শাহনেওয়াজকে আটক করে। এক পর্যায়ে ছাত্ররা শিক্ষকদের কাছে দাবি জানায়, তাকে ক্ষমা চাইতে হবে। শিক্ষকরা ছাত্রদের দাবির সঙ্গে আংশিক সম্মতি প্রকাশ করে জানান, প্রথম আলো সাংবাদিক ক্ষমা চাইবেন, কিন্তু 'নাকে খত' দিবেন না। এতে ছাত্ররা উত্তেজিত হয়ে ১ ও ২ নম্বর একাডেমিক ভবন এবং লাইব্রেরি ভবনের জানালা-দরজার কাঁচ ভাংচুর করে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে দুই প্লাটুন পুলিশ রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে প্রবেশ করলে উত্তেজিত ছাত্ররা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ছাত্ররা পরে খান জাহান আলী হলে অবস্থান নেয় ও ভাংচুর চালায়। এ অবস্থায় সিন্ডিকেট রাত দেড়টায় জরুরি সভায় বসে। উদ্ভূত পরিস্থিতিতে নিয়ে মঙ্গলবার বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সভা হওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিএইচ/এজে/কেএমএস/১১২৮ ঘ.