চট্টগ্রাম, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খোলার প্রথম দিন রোববারই চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে লাঞ্ছিত করেছে ছাত্রলীগ কর্মীরা।
এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন সোম ও মঙ্গলবার কর্মবিরতির ডাক দিয়েছে।
প্রথম দিন বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম।
ছাত্রলীগ কর্মীরা প্রশাসনিক কর্মকাণ্ড ও ক্লাশে বাধা দেয়নি। তবে উপাচার্যের কার্যালয় ও বাসভবন ঘেরাও কর্মসূচি অব্যাহত রেখেছে।
গত বছরের ১৪ ডিসেম্বর উপাচার্য নীতিশ চন্দ্র দেবনাথের পদত্যাগ ও অপসারণের দাবিতে ছাত্রলীগের অব্যাহত ধর্মঘটের মুখে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে।
গত ৩১ মার্চ জরুরি সিন্ডিকেট সভায় রোববার বিশ্বদ্যিালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।
রোববার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালকের ব্যক্তিগত সহকারী চমক চন্দকে ছাত্রলীগ কর্মীরা নিজ কার্যালয়ে লাঞ্ছিত করে।
এ ঘটনার প্রতিবাদে অফিসার্স অ্যাসোসিয়েশন দুপুরে পরীক্ষা নিয়ন্ত্রক ড. সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় দু'দিন কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফেটার ডটকমকে বলেন, সোম ও মঙ্গলবার প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। এছাড়া কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার সকালে উপাচার্য বরাবর স্মারকলিপিও দেওয়া হবে।
অপরদিকে ছাত্রলীগ নেতাকর্মীরা উপাচার্য বিরোধী আন্দোলন অব্যাহত রাখতে সকালে উপাচার্যের কক্ষে তালা লাগিয়ে দেয় এবং তাকে বাসভবনে অবরুদ্ধ করে রাখে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহবায়ক কমল কান্তি মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আমদের আন্দোলন চলবে।"
তিনি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে লাঞ্ছিত করার বিষয়টি অস্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এইচএ/২৩১৮ ঘ.
bdnews24