২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রী 'লাঞ্ছনাকারী' রাবি ছাত্রলীগকর্মী বহিষ্কার

ছাত্রলীগ থেকে বহিষ্কৃত হওয়ার পর এবার শিক্ষা প্রতিষ্ঠান থেকেও বহিষ্কার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. কাওসার আলম সরকার। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2010, 08:49 AM

Updated : 24 Aug 2022, 08:10 PM

রাজশাহী, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ থেকে বহিষ্কৃত হওয়ার পর এবার শিক্ষা প্রতিষ্ঠান থেকেও বহিষ্কার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. কাওসার আলম সরকার। এক ছাত্রীকে মারধরের অভিযোগে রোববার বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি (শৃঙ্খলা) বোর্ড মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র কাওসারকে বহিষ্কার করেছে। তার বাড়ি শেরপুর জেলার নকলা থানার নারায়ণখোলা গ্রামে। এদিকে ওই ছাত্রী নিরাপত্তহীনতায় ভুগছে দাবি করে ক্লাসে উপস্থিত থাকতে পারবে না বলে নিজ বিভাগে আবেদন করেছে। তার নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন পদক্ষেপ নেবে বলে জানিয়ছেন প্রক্টর অধ্যাপক সিএম জাকারিয়া। গত বৃহস্পতিবার তাপসী রাবেয়া হলের সামনে ওই হলের আবাসিক বাংলা বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে রিক্সা থেকে নামিয়ে মারধর করেন কাওসার। তাকে খুন করার হুমকিও দেন। এসময় আরো দুজন ছাত্রী এগিয়ে এলে তাদের উপরও চড়াও হন তিনি। শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব ও প্রক্টর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাওসারের বিরুদ্ধে অভিযোগগুলো পর্যালোচনা করে তাকে বহিষ্কার করা হয়েছে। "সে আর কোনো দিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না।" ওই ছাত্রীর বান্ধবীরা সাংবাদিকদের জানায়, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কাওসার ওই ঘটনা ঘটায়। গত বছরের শেষ দিকে এই ছাত্রীকে মারধর করায় প্রক্টরের কাছে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছিলেন কাওসার। কাওসারকে বহিষ্কারের বিষয়ে ছাত্রলীগ সভাপতি আউয়াল কবির জয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পূর্বেই কাওসারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে আমাদের বলার কিছু নেই।" মারধরের অভিযোগে ওই ছাত্রী কাওসারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা করেন। সে মামলায় শনিবার গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে মতিহার থানার উপপরিদর্শক সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/এমআই/১৬০০ ঘ.