ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার সাতটি শিক্ষা বোর্ডে নকল করার অভিযোগে ৪৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৬,৭৫২ জন, এ সংখ্যা গতবারের চেয়ে ১,৪৬১ জন বেশি। গত বছর অনুপস্থিত ছিলো ৫,২৯১ জন।
১০টি শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার সকাল ১০টায় সারাদেশে একযোগে বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়। চলে দুপুর ১টা পর্যন্ত।
পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ জানায়, এ বছর ঢাকা বোর্ডে ১,৭০১ জন, কুমিল্লা বোর্ডে ৫৯৭ জন, চট্টগ্রাম বোর্ডে ৩৬৫ জন, বরিশাল বোর্ডে ২২৬ জন, সিলেট বোর্ডে ৩২০ জন, রাজশাহী বোর্ডে ৭৪১ জন, দিনাজপুর বোর্ডে ৪৪৪ জন, যশোর বোর্ডে ৬৮৫ জন, মাদ্রাসা বোর্ডে ৮৩৬ জন এবং কারিগরী বোর্ডে ৮৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
বাংলা প্রথম পত্রের পরীক্ষায় বহিষ্কার হওয়াদের মধ্যে ঢাকা বোর্ডে চারজন, বরিশাল বোর্ডে একজন, রাজশাহী বোর্ডে তিনজন, দিনাজপুর বোর্ডে তিনজন, যশোর বোর্ডে একজন, মাদ্রাসা বোর্ডে চারজন এবং কারিগরী বোর্ডে ৩১ জন শিক্ষার্থী রয়েছে।
গত বছর প্রথম দিনের পরীক্ষায় বহিষ্কার হয়েছিলো ৪৫ জন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার ঢাকা কলেজ, সাভার কলেজ, সাভার ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং শহীদ জিয়াউর রহমান একাডেমি কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি বলেন, শিক্ষাঙ্গন থেকে নকলের আপদ বিদায় নিয়েছে। স্বাভাবিক, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পরীক্ষা দেওয়া নিশ্চিত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি জানান, পরীক্ষা চলাকালে কসবা আড়াইবাড়ি মাদ্রাসা কেন্দ্রে অবৈধভাবে প্রবেশের অভিযোগে পুলিশ মাদ্রাসা শিক্ষক ছাদেকুল আলমকে আটক করে।
কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা আহমেদ কবীর ঘটনার সত্যতা স্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেএফ/এজে/এমএসবি/২০৩১ ঘ.
bdnews24