চট্টগ্রাম, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাড়ে ৩ মাস বন্ধ থাকার পর আগামী ৪ এপ্রিল খুলছে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়।
বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নীতিশ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
উপাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈঠকে আগামী ৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হল খুলে দেওয়া এবং ৪ এপ্রিল থেকে ক্লাশ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বছরের ১৪ ডিসেম্বর ছাত্রলীগের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন। উপাচার্যের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দুর্নীতির অভিযোগ এনে ক্লাশ, পরীক্ষা বন্ধ করে দিয়ে ধর্মঘটের ডাক দেয়।
প্রশাসন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলেও কিছু ছাত্রলীগকর্মী ও বহিরাগত ছাত্র আবসিক হলে অবস্থান করে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবাসিক হলে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের সিন্ডিকেটের এ সিদ্ধান্তের ২৪ ঘন্টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২২২৭ ঘ.
bdnews24