২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইডেন অধ্যক্ষের বিরুদ্ধে হুমকির অভিযোগ সদরুলের

ইডেন কলেজের অধ্যক্ষ মাহফুজা চৌধুরী তাকে মামলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন সদরুল আমিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2010, 12:10 PM

Updated : 24 Aug 2022, 07:44 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইডেন কলেজের অধ্যক্ষ মাহফুজা চৌধুরী তাকে মামলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন সদরুল আমিন। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সদরুল বলেন, "ইডেন কলেজে ছাত্রী নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন করায় এ হুমকি দেন কলেজটির অধ্যক্ষ।" মাহফুজা মানববন্ধন নিয়ে সদরুলকে ফোন করার কথা স্বীকার করলেও হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রী নিপীড়নের ভিত্তিহীন অভিযোগে মানববন্ধন করার ঘটনায় আমি তাকে নিন্দা জানিয়েছি মাত্র।" ইডেন ও বদরুন্নেসা কলেজে ছাত্রী নিপীড়নসহ দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নির্যাতন ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে সাদা দল গত বৃহস্পতিবার দুপুরে অপারাজেয় বাংলার সামনে মানববন্ধন করে। রোববার সদরুল অভিযোগ করেন, শনিবার দুপুর দুইটার দিকে বাসার ল্যান্ডফোনে ফোন করে মাহফুজা তাকে অশালীন ভাষায় গালাগাল করেন। হিযবুত তাহরীরের দালাল আখ্যা দিয়ে তার বিরুদ্ধে মামলা করারও হুমকি দেন তিনি। এ সময় মাহফুজা চৌধুরী তার স্বামীর পরিচয় দিয়ে তাকে ভবিষ্যতে দেখে নেওয়ার হুমকি দেন বলেও দাবি করেন সদরুল। এ প্রসঙ্গে মাহফুজা বলেন, "আমি সরকারি চাকরিজীবী। চাকরিবিধির কারণেই এ সব বলা আমার পক্ষে সম্ভব নয়।" সদরুল বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি শিক্ষক সংগঠন সাদা দলের আহ্বায়ক। মাহফুজার স্বামী ইসমত কাদের গামা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮০৫ ঘ.