২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা কলেজে সংঘর্ষ: গ্রেপ্তার ৫৮ জন কারাগারে

ঢাকা কলেজে সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর গ্রেপ্তার ৭১ জনের মধ্যে ১৩ জনকে ছেড়ে দিয়ে বাকিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2010, 12:21 PM

Updated : 24 Aug 2022, 07:38 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা কলেজে সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর গ্রেপ্তার ৭১ জনের মধ্যে ১৩ জনকে ছেড়ে দিয়ে বাকিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। নিউ মার্কেট থানার ওসি কামরুল ইসলাম বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালতে পাঠানো ৫৮ জনের মধ্যে আব্দুল বাসেত গালিবের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। অন্য সবার বিরুদ্ধে ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের চেষ্টা চালানোর অভিযোগ আনা হয়েছে। বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র গালিবকে ৫২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হওয়ার পর ছাত্রাবাস ও কলেজ সংলগ্ন মেসগুলোতে অভিযান চালায় পুলিশ। ১৩ জনকে ছেড়ে দেওয়ার বিষয়ে ওসি বলেন, তাদের পরীক্ষা রয়েছে এবং তারা কোনো ধরনের রাজনৈতিক তৎপরতার সঙ্গে যুক্ত নয় বলে কলেজের শিক্ষকরা নিশ্চিত করেছেন। কলেজের দক্ষিণায়ন ছাত্রাবাসে কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়েই ফরিদপুরের শিহাব ও বরিশালের টিটো গ্র"পের মধ্যে ওই সংঘাত বাঁধে বলে ছাত্ররা জানায়। সংঘর্ষের সময় গুলির শব্দও পেয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৮১৮ ঘ.