রংপুর, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর কারমাইকেল কলেজে সোমবার দুপুরে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে কলেজ ক্যাম্পাসে পাল্টাপাল্টি মিছিলের এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন রংপুর সদর থানার ওসি আব্দুর রশিদ।
সংঘর্ষের জন্য উভয় সংগঠন পরস্পরকে দোষারোপ করেছে।
আহতদের মধ্যে ওবাইদুল ইসলাম নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওবাইদুল কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
এ ছাড়া আহত আনিস, শফিকুল, আলম, রুবেল, কৃষ্ণ, রোমানা, ময়না ও পারভীন কলেজ স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকিদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে দুপুর ১২টার দিকে ছাত্রলীগ মিছিল বের করে। একই সময়ে ছাত্রশিবির মিছিল বের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলে পড়ে এবং ইট পাটকেল ছোড়ে।
দুপুর সোয়া ১টার দিকে ছাত্রলীগককর্মীরা একটি পথসভা করে। এরপর দুপুর দেড়টার দিকে আবার শুরু হয় সংঘর্ষ।
পরে দুপুর পৌনে ২টায় বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ ক্যম্পাসে এসে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
রংপুর সদর থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। ক্যাম্পাসে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে উদ্ভুত পরিস্থিতিতে কলেজের একাডেমিক কাউান্সলের জরুরি সভা অনুষ্ঠিত হয় ।
কলেজ অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের বলেন, "আমরা একাডেমিক কাউন্সিলের জরুরি সভা করে কলেজের শান্তি শৃংখলা বজায় রাখার চেষ্টা করছি।"
প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে বলেও তিনি জানান।
ছাত্রলীগের কারমাইকেল কলেজ শাখার আহ্বায়ক আব্দুল্লাহ খান নান্নু অভিযোগ করেন, ছাত্রশিবিরকর্মীরা ওসমানী, জিএল ও কেবি এই তিন ছাত্রাবাসে অস্ত্রসহ অবস্থান নিয়ে আছে। তাদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
অন্যদিকে কলেজ শাখা শিবিরের সভাপতি আল আমিন হাসান ছাত্রলীগকে দায়ী করে সাংবাদিকদের বলেন, "আমরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ও ছাত্রলীগের কর্মীরা আমাদের ওপর হামলা চালায়।"
তবে কলেজ শাখা ছাত্রলীগ নেতা রাশেদুন্নবী জুয়েল অভিযোগ অস্বীকার করে বলেন, "শিবিরকর্মীরাই আমাদের মিছিলের ওপর আগে হামলা চালায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/এমআই/এমএসবি/২১৫১ ঘ.
bdnews24