রাজশাহী, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন 'জিয়া পরিষদ'কে জামায়াতমুক্ত করতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার হস্তক্ষেপ চেয়েছেন শিক্ষকরা।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটোরিয়ায় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ হস্তক্ষেপ চাওয়া হয়। বক্তব্য পড়েন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম মিঞা।
এসময় খন্দকার ইমামুল হক, গোলাম আরিফ, খালেদুজ্জামান মিজান, ড. সহিদুর রহমান, আতাউর রহমান, নূরুল আলম, আব্দুল বারী, সারোয়ার জাহান লিটন, আব্দুল হান্নান, সাইফুল ইসলাম, শামসুজ্জোহা, জাহাঙ্গীর হোসেন বাবু, নেছার উদ্দিন রাকিব, আব্দুস সোবহান, শফিউর রহমান, মতিউর রহমানসহ অর্ধশত শিক্ষক উপস্থিত ছিলেন। এদের মধ্যে বেশিরভাগ শিক্ষকই রাবি ছাত্রদলের সাবেক নেতাকর্মী।
সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষকরা নিজেদের বিএনপির মূলধারা বলে দাবি করেন। এতে দাবি করা হয়, রাবির জিয়া পরিষদে জামায়াতপন্থী অনেক শিক্ষক রয়েছেন। তারা বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদকে ধ্বংসের জন্য উঠেপড়ে লেগেছেন।
৪ মার্চ জামায়াতের শিক্ষকরা গোপন বৈঠকে অধ্যাপক আজাহার আলীকে আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটির পদ ভাগাভাগি করে নেন বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
৪ মার্চ কমিটি গঠনকে কেন্দ্র করে ওই রাতেই বিএনপিপন্থী শিক্ষকরা টিচার্স ক্লাব থেকে 'বিএনপি নামধারী' জামায়াতের অনুসারী শিক্ষকদের ধাওয়া করে বের করে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/প্রতিনিধি/পিডি/১৮৩২ ঘ.
bdnews24