গাজীপুর, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, যুগের সঙ্গে তাল মেলাতে প্রকৌশল শিক্ষাকে যুগোপযোগী করতে হবে।
তিনি বলেন, "যে শিক্ষা বাস্তবভিত্তিক ও প্রায়োগিক তা-ই আমাদের অর্জন করতে হবে। এ জন্য পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে হাতে-কলমে শিক্ষার ওপর গুরুত্বারোপ করতে হবে।"
সোমবার সকালে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) প্রথম সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান এ কথা বলেন।
সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি দেশের প্রতিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে প্রযুক্তিগত ও দক্ষ মানব সৃষ্টির গবেষণাগারে (ল্যাবরেটরি) পরিণত করার লক্ষ্য অর্জনে পাঠদানের পাশাপাশি গবেষণা কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, "শিক্ষার্থীরা যাতে দেশপ্রেমে গভীরভাবে উদ্বুদ্ধ হয়ে জাতীয় জীবনে বিভিন্ন সমস্যা উপলদ্ধি ও তার সমাধানের পথ নির্দেশ করতে পারে সে শিক্ষা তাদের দিতে হবে। তাদের চিন্তার দিগন্ত প্রসারিত করতে নানামুখি পদক্ষেপ নিতে হবে।"
সমাবর্তনে আরো বক্তব্য রাখেন- শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, ডুয়েট উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সবদার আলী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী প্রমুখ।
শিক্ষামন্ত্রী বলেন, "ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোকে প্রযুক্তি বিকাশের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে হবে। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন জ্ঞান আহরণ করতে হবে।"
সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
ডুয়ট উপাচার্য সবদার আলী বলেন, "আমাদের প্রকৌশলীদের অনেকেই বিদেশে তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা হলে তারা দেশেও তাদের দক্ষতার প্রমাণ দিতে পারবেন।"
সমাবর্তনে ১৯ জন স্নাতকোত্তর ও দুই হাজার ৭৪ জন স্নাতক ডিগ্রিধারীসহ দুই হাজার ৯৩ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়।
এর মধ্যে ২০ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক এবং চারজনকে মোয়াজ্জেম হোসেন স্বর্ণপদক দেওয়া হয়। রাষ্ট্রপতি তাদের হাতে পদক তুলে দেন।
বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক প্রাপ্তশিক্ষার্থীরা হলেন
bdnews24