ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য পরীক্ষার সময়সূচির আংশিক পরিবর্তন হবে।
বুধবার ঢাকা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের অনুমোদন পেলেই সংশোধিত সময়সূচি প্রকাশ করা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার জানিয়েছেন ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ সাদিক জাহিদুল ইসলাম।
ইতিমধ্যে প্রকাশিত সময়সূচি অনুযায়ী উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা ১ এপ্রিল শুরু হয়ে ১১ মে শেষ হওয়ার কথা। শিক্ষার্থীদের সুবিধার জন্য এক সপ্তাহ পিছিয়ে ১৮ মে পরীক্ষা শেষ করা হবে।
সৈয়দ সাদিক জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একই দিনে যুক্তিবিদ্যা ও সাচিবিক বিদ্যা পরীক্ষা এবং কম্পিউটার শিক্ষা ও জীববিজ্ঞান বিষয়ের পরীক্ষা থাকায় তা পরিবর্তন করে নতুন সময়সূচি করা হয়েছে। এটি চূড়ান্ত অনুমোদনের জন্য শিক্ষামন্ত্রীর কাছে বুধবার জমা দেয়া হয়েছে।"
শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার এটি চূড়ান্ত করলেই তা বোর্ডের ওয়েবসাইটসহ পত্রিকায় প্রকাশের জন্য দেওয়া হবে বলে জানান সাদিক। সময়সূচিতে আংশিক পরিবর্তন হলেও পরীক্ষার ফল যথা সময়ের মধ্যেই দেওয়া হবে বলেও জানান তিনি।
ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজগুলোতে শ্রেণীকক্ষের পাঠদান যাতে দীর্ঘদিন ব্যাহত না হয় সেজন্য পরীক্ষা এক মাস ১১ দিনে শেষ করার সময়সূচি দেওয়া হয়। পরীক্ষার্থীদের যথাযথ প্রস্তুতিও সুবিধার জন্য সময়সূচি আংশিক পরিবর্তন করা হয়েছে।
ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুনকে প্রধান করে গঠিত বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড উপ-কমিটি বুধবার এটি শিক্ষা মন্ত্রনালয়ে জমা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২১১১ ঘ.
bdnews24