ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে রোববার মারামারি হয়েছে।
এতে অন্তত ১০ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এর মধ্যে একজনকে কুপিয়ে আহত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের স্নাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্র গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নবীনবরণের চাঁদা তোলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সভাপতি কামরুল হাসান রিপনের অনুসারীরা সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদের অনুসারী মোশাররফ হোসেনকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে বলে শিক্ষার্থীরা জানায়। তাকে বিশ্ববিদ্যালয়ের পাশের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কোতয়ালি থানার ওসি মো. সালাউদ্দিন দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কামরুল হাসান রিপন ও গাজী আবু সাঈদের ব্যক্তিগত একটি বিষয় নিয়ে সকালে ঘটনার সূত্রপাত হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫২৫ ঘ.
bdnews24