২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগকর্মীর 'ওড়না টানা ও পিটুনি' তদন্তে কমিটি

তরুণীর ওড়না টানা এবং তার সঙ্গীসহ পাঁচজনকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকর্মীদের পেটানোর ঘটনায় তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2010, 12:47 PM

Updated : 24 Aug 2022, 07:04 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তরুণীর ওড়না টানা এবং তার সঙ্গীসহ পাঁচজনকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকর্মীদের পেটানোর ঘটনায় তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার দুপুর ২টার দিকে এক সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কেএম সাইফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সহকারী প্রক্টর আমজাদ আলীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেবেন।" রোববার শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার সময় কথা বলতে রাজি না হওয়ায় এক তরুণী এবং তার সঙ্গীদের পেটায় ছাত্রলীগকর্মীরা। উপাচার্যের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে। জসীম উদ্দিন হল ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান জীবনের পক্ষের কর্মীরা এ ঘটনা ঘটায়। তারা জসীম উদ্দিন হল, বঙ্গবন্ধু হল, এস এম হল ও মুহসীন হলের আবাসিক ছাত্র। জীবন ঘটনাটিকে 'সংঘর্ষ' অভিহিত করে এজন্য 'বহিরাগতদের' দায়ী করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮২৬ ঘ.