২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের হাতাহাতি

গায়ে ধাক্কা লাগা নিয়ে বৃহস্পতিবার হাতাহাতি হয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের মধ্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2010, 03:53 PM

Updated : 24 Aug 2022, 06:53 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গায়ে ধাক্কা লাগা নিয়ে বৃহস্পতিবার হাতাহাতি হয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক মিছিলে হাতাহাতি হয় সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাংগঠনিক সম্পাদক খায়রুল হাসান জুয়েলের। জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মিছিল ডাকে ছাত্র সংগ্রাম পরিষদ। হাতাহাতি প্রসঙ্গে খায়রুল বলেন, 'ঘটনাটি অপ্রত্যাশিতভাবে ঘটেছে।' এ বিষয়ে রিপনের মন্তব্য পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে মিছিল শুরু হয়। সামনের সারিতে ছিলেন ছাত্রলীগসহ জোটের অন্য বাম ছাত্র সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা। দ্বিতীয় সারিতে ছিলেন ছাত্রলীগের অন্য কেন্দ্রীয় নেতারা। এ সময় হঠাৎ ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খায়রুল হাসান জুয়েলের গায়ে কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপনের ধাক্কা লাগে। এতে রিপন জুয়েলকে 'স্টুপিড' বলেন। এতে দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়ে এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে অন্য কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। মিছিল শেষে নেতাকর্মীরা অপরাজেয় বাংলায় সমাবেশ করেন। এ সময় ওই দুই নেতার মধ্যে দ্বিতীয় দফা উত্তপ্ত বাক্য বিনিময় হয়। '৭২ এর সংবিধানে ফিরে যাওয়ার মধ্য দিয়ে আইনগতভাবে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয় সমাবেশে। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন, জাসদ ছাত্রলীগের সভাপতি হোসাইন আহমদ তফসির, ছাত্রমৈত্রীর সভাপতি রফিকুল ইসলাম, ছাত্র সমিতির আহ্বায়ক আলমগীর হোসেন, ছাত্রলীগের সভাপতি মাহফুজুর হায়াদর চৌধুরী রোটন, ছাত্র আন্দোলনের সাধারন সম্পাদক নুরুস সাফা, ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১৪১ ঘ.