ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদলের ডাকা ধর্মঘটের কারণে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ বিভাগেই ক্লাস হয়নি। শিক্ষার্থীর উপস্থিতিও ছিলো কম।
শিক্ষার্থী আবু বকরের মৃত্যুর জন্য দায়ীদের বিচার এবং ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর ওপর হামলার প্রতিবাদসহ ছয় দফা দাবিতে এ ধর্মঘট ডাকা হয়।
গত ১৮ জানুয়ারি ক্যাম্পাসে টুকুর ওপর হামলা হয়। এরপর গত ১ ফেব্র"য়ারি এ এফ রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আবু বকর পরে হাসপাতালে মারা যায়।
ধর্মঘটের সমর্থনে সকাল ৯টায় শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে থেকে মিছিল শুরু করে ছাত্রদল। মিছিলটি শাহবাগ ও নীলক্ষেত দিয়ে কয়েক দফা ক্যাম্পাসে ঢোকার চেষ্টা চালালেও পুলিশি বাধার মুখে তা সফল হয়নি। পরে শাহবাগে সমাবেশ করে তারা।
সকালে কলাভবন ঘুরে গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইতিহাস, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতিসহ বিভিন্ন বিভাগের কার্যালয় ও সেমিনার কক্ষ বন্ধ দেখা যায়। কলাভবনে শিক্ষার্থীর উপস্থিতিও ছিলো হাতেগোনা। তবে দর্শন বিভাগে তৃতীয় বর্ষের একটি ক্লাস হয়।
ব্যবসায় প্রশাসন অনুষদেও অধিকাংশ ক্লাস হয়নি। ফিন্যান্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী সামিরা খন্দকার মোহনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের একটি ক্লাস হয়েছে। অন্য ক্লাসরুমগুলোও তালাবদ্ধ ছিলো।
বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদেও বেশিরভাগ ক্লাস হয়নি।
ঢাবির শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠন স্লোগান'৭১ এর প্রতিষ্ঠাতা সদস্য সচিব শফিকুল ইসলাম মিল্টন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষার্থীরা এ ধর্মঘটকে মৌন সমর্থন দিয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.
bdnews24