ঢাকা, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুবকরের মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত কমিটির আহবায়ক অধ্যাপক হারুন অর রশিদ বলেছেন, এ হত্যাকাণ্ড কোন কারণে হয়েছে তা ১৫ কার্যদিবসের পরই জানা যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক রশিদ শনিবার সাংবাদিকদের বলেন, আবু বকরের নিহত হওয়ার ঘটনাটি কোনভাবেই গুরুত্বহীন নয়।
শনিবার এফ রহমান হলে আবু বকরের কক্ষ পরিদর্শনের পর তিনি এ কথা বলেন। এ সময় হলের অন্যান্য স্থানও ঘুরে দেখেন তিনি। অধ্যাপক রশিদ বলেন, এর মাধ্যমেই ১৫ কার্যদিবসের তদন্ত কাজ শুরু হল।
কক্ষ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, এটি একটি হত্যাকান্ড। তবে এর কারণ তদন্তের পরই জানা যাবে।
পরিদর্শনকালে আবু বকরের কক্ষ থেকে ৩টি কাঁদানে গ্যাসের খোসা উদ্ধার করা হয় বলে কমিটির আহবায়ক জানান।
তিনি বলেন, পরিদর্শনকালে আবু বকরেরসহ বিভিন্ন কক্ষের জানলার কাচ ভাঙা পাওয়া গেছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কেএম সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, অধ্যাপক ড. আনোয়ার হোসেন রহমত উল্লাহ।
তদন্ত কমিটির কাছে আবু বকরের রুমমেট রেজাউল করিম বলেন, কাঁদানে গ্যাসের শেলের আঘাতেই তার মৃত্যু হয়েছে। তবে পুলিশ ইতিমধ্যেই একথা অস্বীকার করেছে। চিকিৎসকরা বলেছেন, ধাতব শক্ত কিছুর আঘাতই আবু বকরের মৃত্যুর কারণ।
উপাচার্যের পরামর্শ
ধর্মঘট না করে আবু বকরের আদর্শ অনুসরণের জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতি আহবান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
শনিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপকালে তিনি এ আহবান জানান।
উপাচার্য বলেন," নিহত আবু বকরকে আমরা আর কোন দিনই ফিরে পাবো না। তাই তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টি করা উচিত না। বরং নিজেরা লেখাপড়া করা এবং অন্যদেরকে এ সুযোগ দেওয়ার মাধ্যমেই তার আদর্শের অনুসরণ করা যেতে পারে।"
একটি সাধারণ গ্রামীন পরিবারের সন্তান আবু বকর কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে ভালো ছাত্র হিসাবে গড়ে তুলেছিল।
ধর্মঘট একটি গণতান্ত্রিক অধিকার উল্লেখ করেও তিনি বলেন, "যেহেতু আবু বকরের মৃত্যুর রহস্য উদঘাটনে আমরা কাজ করে যাচ্ছি তাই শোকের এ সময়ে এ ধরণের কর্মসূচি ঘোষণা করা ছাত্রদলের জন্য ঠিক হয়নি।
পরীক্ষা যথাসময়ে হবে
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার কলা ভবন ও কার্জন হল কেন্দ্রের সব পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২১৩৮ঘ.
bdnews24