ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিয়ার শেলে আবু বকরের মৃত্যু হয়নি দাবি করে ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহিদুল হক বলেছেন, ছাত্রলীগের দুই পক্ষের মারামারির সময় কোনো এক পক্ষের ছোড়া ইটের আঘাতই ওই শিক্ষার্থীর মৃত্যুর কারণ।
সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে সংঘর্ষে আহত ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী বকর বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
সংঘর্ষ থামানোর সময় পুলিশের ছোড়া টিয়ার শেলের আঘাতে আবু বকর লুটিয়ে পড়েন বলে তার সহপাঠীরা দাবি করে আসছিলেন।
চিকিৎসকরা জানান, আঘাত আবু বকরের মাথার আঘাত খুলি ভেদ করেছিলো।
মহানগর পুলিশ কমিশনার শুক্রবার তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "দুই গ্র"পের মারামারির সময় একপক্ষ আরেক পক্ষকে লক্ষ করে ইট ছোড়ে। এরই কোনো ইটের আঘাতে আবু বকরের মৃত্যু হয়েছে।"
তিনি জানান, ভোতা কিছুর আঘাতে আবু বকরের মৃত্যু ঘটেছে বলে লাশের সুরতহাল প্রতিবেদনে দেখা গেছে। শরীরে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি।
টিয়ার শেলে মৃত্যুর দাবি নাকচ করে তিনি বলেন, "টিয়ার শেলের আঘাতে মারা যাওয়ার দাবির কোনো যৌক্তিকতা নেই। কারণ পুলিশ যে টিয়ারসেল ব্যবহার করে, তার শক্ত অংশটুকু অস্ত্রের সঙ্গেই থেকে যায়। ছুটে যাওয়া নরম অংশের আঘাতে মৃত্যু হতে পারে না।"
কমিশনার জানান, আগে রাশিয়া থেকে আমদানি করা টিয়ার শেলে শক্ত অংশ ব্যবহৃত হলেও এখন তা আর ব্যবহার হয় না।
সংঘর্ষের সময় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করলে এ বিষয়ে আরো তথ্য পাওয়া যাবে বলে শহিদুল হক আশা করছেন।
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের দিনই পুলিশ এ এফ রহমান হল ছাত্রলীগের সভাপতি সাইদুজ্জামান ফারুকসহ নয়জনকে গ্রেপ্তার করে। আদালতের অনুমতি নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৮২০ ঘ.
bdnews24