২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ছাত্রের মৃত্যু তদন্তে কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষের সময় আহত ছাত্র আবু বকর সিদ্দিকের মৃত্যুর ঘটনা তদন্তে নয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2010, 06:51 PM

Updated : 24 Aug 2022, 06:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষের সময় আহত ছাত্র আবু বকর সিদ্দিকের মৃত্যুর ঘটনা তদন্তে নয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে সিন্ডিকেটের সভায় গঠিত এ তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হারুন উর রশীদ এবং সদস্য সচিব প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম খান। এর সদস্যরা হলেন- অধ্যাপক তাজমেরী এসএ ইসলাম, রহমতুল্লাহ, আনোয়ার হোসেন, সাদেকা হালিম, ড. খন্দকার বজলুল হক ও দীন মোহাম্মদ এবং অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান। সভা শেষে রাত সাড়ে ১০টায় উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের জানান, ১৫ কার্য দিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। নিহত শিক্ষার্থীর পরিবারকে দেড় লাখ টাকা দেওয়ারও সিদ্ধান্ত হয় সভায়। উপাচার্য আরো বলেন, হল কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। কেবলমাত্র বৈধ ছাত্ররাই হলে থাকতে পারবে। হল প্রশাসনকে ব্যবহৃত অস্ত্রের উৎস সম্পর্কে উপাচার্যকে জানাতে বলা হয়েছে বৈঠকে। ঘটনার দিন পুলিশের হস্তক্ষেপের বিষয়ে উপাচার্যকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, বিষয়টি তদন্ত কমিটি খতিয়ে দেখবে। সভার শুরুতে ছাত্র আবু বকর সিদ্দিকের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। প্রভোস্ট কমিটির জরুরি বৈঠক উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর সাধারণ ছাত্রদের মধ্যে যেন ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় সেজন্য হল কর্তৃপক্ষ অবিলম্বে জরুরি সাধারণ বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে। বিকেলে প্রভোস্ট কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীদের মধ্যে যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় সেজন্য অবিলম্বে আবাসিক শিক্ষকরা হলে হলে সাধারণ বৈঠক করবেন। কবি জসীমউদ্দিন হলের প্রাধ্যক্ষ এবং নিহত ছাত্রের বিভাগের শিক্ষক অধ্যাপক মো. আখতারুজ্জামান বৈঠক শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই দায় আমাদের, বিশ্ববিদ্যালয় কর্তৃৃপক্ষের। এর প্রতিবিধানও আমাদেরকেই করতে হবে।" উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আবাসিক হলগুলোতে সিটের ব্যাপারে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ না থাকার কথা স্বীকার করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, নানা কারণে হলগুলোতে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ নেই। সিট দখলকে কেন্দ্র করে যেসব ঘটনা ঘটছে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তা সমাধানের চেষ্টা করা হবে। এদিকে বিকেলে ছাত্র ইউনিয়ন মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ওই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দায়ী করেছে। এরপর সন্ধ্যা সোয়া ছয়টা নাগাদ ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা ক্যাম্পাসে মিছিল বের করে। ছাত্র ইউনিয়নের মিছিলের পর সাড়ে ছয়টায় টিএসসিতে শিক্ষার্থীরা দু'টি গাড়ি ভাঙচুর করে। তবে, ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মীর মোশাররফ দাবি করেন, তাদের কোনো নেতা-কর্মী গাড়ি ভাঙচুর করেনি। এ ঘটনার পর সন্ধ্যা সাতটায় বেশ কিছু শিক্ষার্থী জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ ক্যাম্পাসে প্রবেশের নীলক্ষেত গেট বন্ধ করে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেএফ/এইচএ/০০৩৭ ঘ.