গোলাম মর্তুজা অন্তু ও সুলাইমান নিলয়
ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মায়ের তাগিদেও বাড়ি যাননি; ইচ্ছা ছিলো মার্চ মাসে পরীক্ষার পর দীর্ঘ ছুটিতে বাড়ি ফিরবেন। কিন্তু তার আগেই পৃথিবী থেকে চলে যেতে হলো আবু বকরকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের বলি আবু বকরের স্বজনরা জানিয়েছেন এ কথা। সোমবার এ এফ রহমান হলের ওই সংঘর্ষে আহত আবু বকর বুধবার সকালে মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাতে যখন আবু বকরের বড়ভাই আব্বাস আলীর সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কথা হয়, তখন আবু বকর নিবিড় পরিচর্যা কেন্দ্রে সংজ্ঞাহীন। মঙ্গলবার সন্ধ্যায় এক দফা অস্ত্রোপচার হয়েছে তার।
আবু বকরের বাড়ি টাঙ্গাইলের মধুপুরের গোলবাড়ি গ্রামে। কৃষক রুস্তম আলীর ছয় সন্তানের মধ্যে তিনি তৃতীয়।
আব্বাস বলেন, "বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সে প্রথম শ্রেণী ধরে রেখেছিলো, তবে দ্বিতীয় অবস্থানে। প্রথম শ্রেণীতে প্রথম হওয়ার জন্য কুরবানি ঈদের পর সে আর বাড়ি যায়নি। মা কান্নাকাটি করে। একদিন ফোন করে আসতে বললাম। সে বললো- 'মার্চে ৫ম সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষে লম্বা ছুটিতে বাড়ি ফিরবো'।"
ইসলামের ইতিহাস বিভাগে তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন আবু বকর। পড়াশোনায় ভালো হওয়ায় তার পানে ভরসা খুঁজছিলো পরিবার। বড় বোনের বিয়ে হয়েছে। তার পরের ভাই আব্বাসের আয়ে চলছে সংসার। গ্রামে কাঁচামালের দোকান করে আবু বকরসহ ছোট দুই ভাইয়ের পড়াশোনার খরচ যোগাতেন তিনি।
"ভাই আহত হওয়ার পর ঢাকায় আসতে হয়েছে দোকান বন্ধ রেখে; দোকান বন্ধ, তাই আয়-রোজগারও বন্ধ", বলেন আব্বাস।
আবু বকর গুরুতর আহত হলেও তা শোনানো হয়নি তার মাকে; বাবাকে বলা হয়েছে আসতে। তবে বুধবার তিনি আসার আগেই চিকিৎসকরা মৃত ঘোষণা করেন আবু বকরকে।
আব্বাস বলেন, "মাকে বলা হয়েছে সামান্য আহত। সেই থেকে মা কেঁদেই চলছেন। মা কখনো শহরে আসেননি বলে হুট করে তাকে আনাও যাচ্ছিলো না।"
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর প্রথমে একটি টিউশনি করতো আবু বকর। ভালো ফলাফলের আশায় পরে ভাইয়ের পরামর্শে তা ছেড়ে দেন। আব্বাসের ইচ্ছা ছিলো, তার ভাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে।
আবু বকর পড়াশোনার পাশাপাশি স্বেচ্ছা রক্তদানের সংগঠন বাঁধনের সঙ্গে যুক্ত ছিলেন। ছাত্রলীগের একটি অংশ তাকে সংগঠনের কর্মী দাবি করলেও তার মামা আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, আবু বকর রাজনৈতিক কার্যক্রমে যুক্ত ছিলেন না।
হলের শিক্ষার্থীরা জানান, আবু বকর হল ছাত্রলীগের সভাপতি সাইদুজ্জামান ফারুকের হাত ধরে হলের ৪০৪ নম্বর কক্ষে উঠলেও রাজনৈতিক কর্মসূচিতে তাকে খুব একটা দেখা যায়নি।
মঙ্গলবার রাতে আইসিইউতে কর্তব্যরত একজন চিকিৎসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবু বকরের মাথার আঘাত খুলির শক্ত আবরণ ভেদ করে ভেতরেও লেগেছে। মাথার ভেতরে রক্ত জমাট বেঁধেছিলো। তাই অস্ত্রোপচার করা হয়।
"মনে হয় তার মাথায় খুব কাছ থেকে ছোড়া টিয়ার সেল লেগেছিল", নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক বলেন।
আবু বকরের গ্রামের বাড়ির এলাকার সাংসদ ও খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক মঙ্গলবার রাতে আবু বকরকে দেখতে হাসপাতালে যান। তার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
মন্ত্রী সাংবাদিকদের বলেন, "উচ্ছৃঙ্খল কিছু ছাত্রের দ্বারা সে আহত হয়েছে। আমরা এ রকম ছাত্র রাজনীতি চাই না, যেখানে শিক্ষার্থীরা এভাবে আহত হবে। আমরা এমন ছাত্র রাজনীতি চাই যেখানে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি রাজনীতি করবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এমআই/১১৩০ ঘ.
bdnews24