২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষে আহত ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

এ এফ রহমান হলে ছাত্রলীগের সংঘর্ষে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক বুধবার সকালে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2010, 04:24 AM

Updated : 24 Aug 2022, 06:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ এফ রহমান হলে ছাত্রলীগের সংঘর্ষে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক বুধবার সকালে মারা গেছেন। তিনি ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। ছাত্রলীগের একটি অংশ আবু বকরকে সংগঠনের কর্মী দাবি করলেও তার পরিবার বলছে, তিনি কোনো সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না। আবু বকরের মামা আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবু বকরকে সকাল ৯টা ২৫ মিনিটে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। আধিপত্য বিস্তার নিয়ে এ এফ রহমান হলে সোমবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ বাধে। এতে আবু বকরসহ অন্তত ২৫ জন আহত হয়। একটি কক্ষে ছাত্র উঠানো নিয়ে হল ছাত্রলীগের সভাপতি সাইদুজ্জামান ফারুক ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান মোল্লার সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবু বকর ছাত্রলীগকর্মী এবং তার অনুসারী। তবে আবু বকরের মামা বলেন, তার ভাগ্নে পড়াশোনা নিয়ে থাকতো। রাজনৈতিক কোনো সংগঠনের সঙ্গে যুক্ত ছিলো না। হল ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদিরও দাবি, আবু বকর ছাত্রলীগ করতেন না। হলের শিক্ষার্থীর জানায়, সভাপতি ফারুক আবু বকরকে হলে উঠালেও তাকে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমে খুব একটা দেখা যেত না। ওই সংঘর্ষে আহতদের মধ্যে মেহেদিও রয়েছেন। সংঘর্ষের পর ফারুককে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এমআই/১০১০ ঘ.